Aaj India Desk, মুম্বাই: রামায়ণের (Ramayan) প্রথম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে শুরু থেকেই দর্শক ও সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত ‘রামায়ণ পার্ট ওয়ান’ বিশ্বজুড়ে ১০০টিরও বেশি দেশে ৫০ হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে। ভারতের প্রায় ৯ হাজারটি স্ক্রিনে দেখানো হচ্ছে ছবিটি। কোনও ভারতীয় সিনেমা (Indian Cinema) এর আগে এত বড় পরিসরে মুক্তি পায়নি।
মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি ঘিরে দর্শকদের উৎসাহ চোখে পড়ার মতো। সকালের শোগুলিতে দেশজুড়ে গড়ে ২০ শতাংশের বেশি আসন আগেই বুক হয়ে গিয়েছিল। পাশাপাশি, আইম্যাক্সের একাধিক শোতেও আসন প্রায় পূর্ণ। দুপুর ১২টা পর্যন্ত ছবির আয় ছিল ২২.৬০ কোটি টাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুর, সন্ধ্যা ও রাতের শোগুলিতে দর্শকসংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
স্যাকনিল্কের দেওয়া হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ছবিটির হিন্দি সংস্করণ ৯,৪০৪টি শো থেকে প্রায় ১৬.০৪ কোটি টাকা আয় করেছে। কন্নড় সংস্করণ থেকে ৬৪৯টি শোয়ে এসেছে ৩.০২ কোটি টাকা। তেলুগু সংস্করণের ৮৭৩টি শো থেকে আয় ২.২৭ কোটি টাকা। তামিল সংস্করণে ৪৪২টি শো থেকে ৮৮ লক্ষ এবং মালয়ালম সংস্করণে ২৫৩টি শো থেকে এসেছে ৩৯ লক্ষ টাকা। সব মিলিয়ে দিনের শুরুতেই ছবির বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ২৬.৬৭ কোটি টাকায়।
তবে ছবির সাফল্যের ইঙ্গিত মিলেছিল মুক্তির আগেই। অগ্রিম টিকিট বুকিং থেকে দেশজুড়ে প্রায় ৫০.০৮ কোটি টাকা আয়ের খবর পাওয়া গিয়েছে। শুধু প্রথম দিনের জন্যই ১৪.০৫ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি, মুক্তির পরবর্তী পাঁচ দিনের জন্যও আগাম টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছিল। মোট অগ্রিম বুকিংয়ের বড় অংশই এসেছে হিন্দি সংস্করণ থেকে।
নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির ভিএফএক্স দর্শকদের বিশেষ প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে রাবণ ও জটায়ুর লড়াইয়ের দৃশ্য নজর কেড়েছে দর্শকদের। সব মিলিয়ে প্রথম দিনের বক্স অফিসে বড়সড় সাফল্যের সম্ভাবনা তৈরি হয়েছে ‘রামায়ণ পার্ট ওয়ান’কে ঘিরে। এবার দিনের শেষে ছবিটি আয়ের নিরিখে কতটা নজির গড়ে, সেদিকেই তাকিয়ে সিনেমাপ্রেমীরা।


