দক্ষিণ ২৪ পরগণা: পুনর্নির্বাচনের দাবীতে উত্তাল ফলতা (Falta)। শনিবার ডায়মন্ড হারবার ও মগরাহাটের পুনর্নির্বাচন (Re-Polling) হলেও, ফলতায় কেন নয়? এই অভিযোগে শনিবার দুপুরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। জাতীয় সড়ক অবরোধ করে পুনর্নির্বাচন চেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এলাকাবাসির একাংশের অভিযোগ, তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তৃণমূলের লোকেরা।
‘নিরাপত্তা চাই, পুনর্নির্বাচন চাই’ দাবী নিয়ে একত্রিত হয়ে স্লোগান দিতে থাকেন ফলতার (Falta) হাসিমনগরের শতাধিক মহিলা। এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ফলতায় বুথ চিহ্নিত করে নয়, গোটা বিধানসভাতেই হতে পারে পুনর্নির্বাচন! তেমন হলে আগামী ৪ মে এই বিধানসভা কেন্দ্রে গণনা বন্ধ হতে পারে বলে জানা গিয়েছে।
একাধিক অসংগতি?
কমিশন সূত্রে জানা গিয়েছে, ফলতা (Falta) বিধানসভা কেন্দ্র নিয়ে স্ক্রুটিনিতে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। অভিযোগের মধ্যে রয়েছে ইভিএমে টেপ লাগানো এবং কিছু ক্ষেত্রে ইভিএমে আতর লাগানোর বিষয়ও। এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর (CEO office) ইতিমধ্যেই নির্বাচন কমিশনে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে।
সূত্রের খবর, এই রিপোর্টের ভিত্তিতে পুরো ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের (Re-Polling) নির্দেশ দেওয়া হতে পারে। একাধিক অনিয়ম সামনে আসায় এমন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি, এই কেন্দ্রের গণনা আলাদাভাবে ৪ তারিখের পর অনুষ্ঠিত হতে পারে বলেও কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে।
প্রসঙ্গত, দ্বিতীয় দফার ভোট মিটতেই ৭৭ টি বুথে পুনর্নির্বাচনের দাবী তোলে বিজেপি। যার মধ্যে ৩২ টিই ছিল ফলতা থেকে। কিন্তু শুক্রবার ডায়মন্ড হারবার ও মগরাহাটের যথাক্রমে ৪ এবং ১১ টি বুথে পুনর্নির্বাচনের (Re-Polling) সবুজ সংকেত দিলেও ফলতা নিয়ে অনিশ্চয়তা অব্যাহতই থাকে। এই আবহে পুনর্নির্বাচনের দাবীতে উত্তপ্ত হয়ে উঠল ফলতা। এখন দেখার রিপোর্ট পেয়ে কি সিদ্ধান্ত নেয় কমিশন।


