Aaj India desk, কলকাতা: রাত পোহালেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহন পর্ব। এস আই আরের পর প্রথম দফায় প্রায় ৯৩% রেকর্ড ভোট পরে। এবারেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায় নির্বাচন কমিশন(ECI)। এর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে তারা। আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহন পর্বের আগেই এই সম্পর্কে বিজ্ঞপ্তি দিল তারা।
কী বলা হচ্ছে নির্বাচন কমিশনের (ECI) তরফে?
ভারতীয় নির্বাচন কমিশন তাদের এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) জানায়,”ভোটাররা যাতে আরও মসৃণ ও সুবিধাজনক ভোটদানের অভিজ্ঞতার লাভ করতে পারে তার জন্য প্রতি কেন্দ্রে ১২০০ জন করে ভোটারের ব্যবস্থা করা হয়েছে। লাইনের ভিড় কমানো, ভোটারদের সুযোগ-সুবিধা উন্নত করা এবং প্রতিটি ভোটারের জন্য সুষ্ঠুভাবে ভোটগ্রহণ পরিচালনা নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন (ECI) প্রতি ভোটকেন্দ্রে নিরাপদে মোবাইল রাখারও ব্যবস্থা রয়েছে।”ভোটারদের প্রতি নির্বাচন কমিশনের বার্তা,”আপনার আরামের কথা মাথায় রেখেই ভোটকেন্দ্রগুলো ডিজাইন করা হয়েছে!আগামীকাল বেরিয়ে আসুন এবং ভোট দিন।”
কি কি সুবিধা থাকছে ভোটারদের জন্য?
• পানীয় জলের ব্যবস্থা
• শৌচাগার
• ভোটারদের জন্য দিকনির্দেশ
• হুইলচেয়ার ও র্যাম্পের ব্যবস্থা
• সহায়তা কেন্দ্র
• মোবাইল জমা রাখার কাউন্টার
এছাড়াও ভোটারদের যাতে রোদে কষ্ট না হয়, তার জন্য লাইনের ওপর ছাউনির ব্যবস্থা করা হয়েছে। বৃদ্ধ, অসুস্থ এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। লাইন যাতে দীর্ঘতর হয়ে সময় বেশি না লাগে সেদিকে নজর রাখা হচ্ছে। ভোটারদের বলা হয়েছে কোনরকম হিংসাত্মক ঘটনা ঘটতে দেখলেই যেন তারা অ্যাপের মাধ্যমে নির্বাচন কমিশনকে (ECI)জানায়। নতুন ভোটারদের জন্যও বিশেষ ভিডিও তৈরি করে সচেতনতা বাড়ানোর ব্যবস্থা করেছে কমিশন। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রাজনৈতিক মহল।তবে প্রথম দফার রেকর্ড ভোটের কারণ হিসেবে কমিশনের(ECI)হাতযশকে মানতে চাইছেন না তারা। তাদের বক্তব্য এস আই আর এর পর নাম কাটা যাওয়ার ভয় থেকেই ভোটাররা ভোট দিয়েছেন। পাশাপাশি নাম কাটা যাওয়ার পর এমনিতেও ভোটারের সংখ্যা কমে গেছে, তাই শতাংশের হিসেবে ভোটদানের পরিমানও স্বাভাবিকভাবেই বাড়বে।


