Aaj India desk, বর্ধমান: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অন্যতম আলোচ্য বিষয় ছিল নারী নির্যাতন। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এই বিষয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। এরই মধ্যে রাজ্যে আবার নারী নির্যাতনের খবর। অভিযুক্ত বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সশস্ত্র বাহিনীর (CISF)এক জওয়ান। ঘটনাস্থল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল।
কি ঘটেছিল?
সূত্রের খবর, অভিযুক্ত সিআইএসএফ(CISF) জওয়ানের নাম রামাকান্ত বিশ্বকর্মা(৪০)। রবিবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলার লাল বাজার এলাকার একটি সিআইএসএফ ক্যাম্পের কাছে এই ঘটনাটি ঘটে।পাঁচ ও দশ বছর বয়সী দুটি মেয়ে কাঁচা আম পাড়ার জন্য ওই কোয়ার্টারে ঢুকেছিল।অভিযুক্ত, শিশুদুটির কাছে গিয়ে আরও আম দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের লোভ দেখায়। এরপর সে তার স্কুটারে করে তাদের কাছের একটি মহল্লায় নিয়ে যায়। ছোট শিশুটিকে বাইরে অপেক্ষা করতে বলে ১০ বছর বয়সী মেয়েটিকে ভেতরে নিয়ে যায়, যেখানে সে মেয়েটিকে যৌন নিপীড়নের চেষ্টা করে বলে অভিযোগ।মেয়েটি চিৎকার করে উঠলে অভিযুক্ত তার স্কুটারে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মেয়েটি বাড়ি এসে তার পরিবারকে একথা জানায়।নির্যাতনের খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ বাসিন্দারা সিআইএসএফ (CISF)ক্যাম্পের বাইরে জড়ো হয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শীতলপুর ৩ নম্বর গেটের কাছে একটি সড়ক অবরোধও করেন তারা এবং অভিযুক্ত জওয়ানকে(CISF) গ্রেপ্তার না করা পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে দাবী জানান তারা। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে অভিযুক্তকে কয়েক ঘণ্টার মধ্যেই আটক এবং গ্রেপ্তার করা হয়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, “শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ আইনের(POCSO) আওতায় একটি মামলা দায়ের করা হচ্ছে, ঘটনার তদন্ত চলবে। তবে অভিযুক্তের সঙ্গে নির্বাচন-সংক্রান্ত দায়িত্বের কোনো সম্পর্ক ছিল না,বরং তিনি ওই এলাকার কয়লা খনিতে নিয়মিত দায়িত্বে ছিলেন।” ভোটের মুখে বিজেপি সরকারের অধীনস্থ বিভাগের কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় ফের একবার তাদের নারী সুরক্ষা সংক্রান্ত দাবিগুলি প্রশ্নের মুখে পড়ে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


