28.7 C
Kolkata
Wednesday, November 4, 2026
spot_img

আধার কার্ডে কি আর মিলবে না সরকারি প্রকল্পের টাকা? কী জানাল কেন্দ্র?

Aaj India Desk, নয়াদিল্লি: সরকারি প্রকল্পের টাকা পেতে এত দিন আধার কার্ডকে (Addhar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হত। কিন্তু এবার সেই নিয়মে পরিবর্তন আসতে পারে। কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং জানিয়েছেন, সরকারি প্রকল্পের (Government Scheme) টাকা দেওয়ার ক্ষেত্রে আধার কার্ড আর পরিচয়ের প্রধান ভিত্তি হিসেবে ব্যবহার করা হবে না। তার পরিবর্তে উপভোক্তাদের বায়োমেট্রিক তথ্য এবং ভোটার কার্ডের EPIC নম্বর দিয়ে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা করা হবে।

শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের একটি কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন মন্ত্রী। তাঁর দাবি, আধার কার্ড তৈরির কেন্দ্র দেশের প্রায় সব জায়গাতেই রয়েছে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই আধার কার্ড তৈরি করা সম্ভব। মাত্র পাঁচ মিনিটের মধ্যে আধার তৈরি হয়ে যাওয়ার সুযোগ থাকায় জালিয়াতির আশঙ্কাও থেকে যায়। তাই সরকারি প্রকল্পের উপভোক্তাদের পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক তথ্য ও ভোটার কার্ডের EPIC নম্বর ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। এই দুই তথ্যের ভিত্তিতেই উপভোক্তাদের টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

তবে কোন কোন সরকারি প্রকল্পে এই নতুন নিয়ম চালু হবে, তা এখনও স্পষ্ট করেননি কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি কবে থেকে এই ব্যবস্থা কার্যকর হবে, সে সম্পর্কেও কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

কোন কোন প্রকল্পে পড়তে পারে প্রভাব?

এখানে একটি বিষয় উল্লেখযোগ্য। কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের অধীনে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর মতো প্রকল্প নেই। তবে লালন সিংয়ের দায়িত্বে থাকা মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের কয়েকটি প্রকল্পে আর্থিক সুবিধা পাওয়ার জন্য আধার বাধ্যতামূলক। যেমন, ন্যাশনাল লাইভস্টক মিশনের এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে সুবিধা পেতে আধার নম্বর জমা দিতে হয় অথবা আধার যাচাইকরণ করাতে হয়।

অন্যদিকে, পিএম-কিষাণ, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প এবং জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্পে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে উপভোক্তাদের টাকা পাঠানো হয়। ফলে নতুন নিয়ম চালু হলে এই প্রকল্পগুলিতে কী ধরনের পরিবর্তন আসবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

বিশেষ করে দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে যখন বিতর্ক চলছে, ঠিক সেই সময় সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভোটার কার্ডের EPIC নম্বর ব্যবহারের ঘোষণাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে কারও ভোটার তালিকায় নাম না থাকলে তিনি সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন কি না, কিংবা ভোটার কার্ড না থাকলে তাঁর জন্য বিকল্প কী ব্যবস্থা থাকবে, সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট ব্যাখ্যা দেয়নি কেন্দ্র। ফলে নতুন নিয়মের ঘোষণা হলেও সাধারণ মানুষের জন্য ঠিক কী পরিবর্তন আসতে চলেছে, তা জানতে এখন কেন্দ্রের পরবর্তী নির্দেশিকার অপেক্ষা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন