দক্ষিণ ২৪ পরগণা: অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) গড় ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিসে হানা পুলিশের! আর সেই তল্লাশিতেই মিলল বান্ডিল বান্ডিল নগদ টাকা। অঙ্কটা শুনলে চোখ কপালে উঠতে পারে! ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা! কোথা থেকে এল এত টাকা? কার টাকা? কেনই বা পার্টি অফিসের আলমারিতে ব্যাগের মধ্যে থরে থরে সাজানো ছিল নগদ? উঠছে একাধিক প্রশ্ন।
বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার সরিষায় একটি তৃণমূল পার্টি অফিসে তল্লাশি চালায় ডায়মন্ড হারবার জেলা পুলিশের তদন্তকারী দল। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পার্টি অফিসের একটি আলমারিতে ব্যাগের ভিতর বিপুল পরিমাণ টাকা দেখতে পান তদন্তকারীরা। গুনে দেখা যায়, নগদের পরিমাণ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। এই টাকার উৎস এখনও স্পষ্ট নয়। সুমিত রায়কে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সাংবাদিক প্রতিবেদন।
কিন্তু কেন সুমিতকে সঙ্গে নিয়ে পার্টি অফিসে তল্লাশি? এর নেপথ্যে রয়েছে জমি দুর্নীতি এবং মাটি চুরির অভিযোগে চলা তদন্ত। শালবনির জমি দুর্নীতি মামলায় আগেই সুমিতকে গ্রেপ্তার করেছিল সিআইডি। পরে আলাদা মাটি চুরির মামলায় তাঁকে নিজেদের হেফাজতে নেয় ডায়মন্ড হারবার পুলিশ। ওই মামলায় আদালত তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল ।
এখন তদন্তকারীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, পার্টি অফিসে রাখা এই বিপুল নগদের উৎস কী? কার নির্দেশে সেখানে টাকা রাখা হয়েছিল? এই টাকার সঙ্গে চলতি মামলাগুলির কোনও যোগ রয়েছে কি না, তা এখনও তদন্তসাপেক্ষ। তবে কোটি টাকার এই নগদ উদ্ধার ঘিরে ডায়মন্ড হারবারের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। একদিকে জমি দুর্নীতির তদন্ত, অন্যদিকে পার্টি অফিসের আলমারিতে কোটি টাকার নগদ! টাকার উৎসের রহস্য ভেদ করতে এবার পুলিশের নজর কোন দিকে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।


