Aaj lndia Desk,কলকাতা: জুন মাসের ১২ দিন কেটে গেলেও এখনও দক্ষিণবঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেনি বর্ষা। উত্তরবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে মৌসুমি বৃষ্টির দাপট। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে কয়েকদিন ধরেই বর্ষার বৃষ্টি চলছে। এবার বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও প্রবেশ করেছে মৌসুমি বায়ু।
আবহাওয়াবিদদের মতে, কিছুটা দেরি হলেও ধীরে ধীরে দক্ষিণের দিকে এগোচ্ছে বর্ষা। তবে কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও আনুষ্ঠানিকভাবে বর্ষার প্রবেশ হয়নি। গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দেখা মিললেও তা বর্ষার বৃষ্টি নয় বলেই জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
বর্তমানে দক্ষিণবঙ্গের মানুষকে ভরসা রাখতে হচ্ছে বিকেল বা সন্ধ্যার দিকের স্থানীয় ঝড়-বৃষ্টির উপর। কিন্তু এই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে খুব একটা স্বস্তি মিলছে না। দিনের বেলা তাপমাত্রার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকায় অস্বস্তি বাড়ছে। ফলে ঘামে নাজেহাল অবস্থায় দিন কাটাতে হচ্ছে শহর ও শহরতলির বাসিন্দাদের।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বজ্রপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুর জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলে পূর্বাভাস।
তবে কলকাতায় কবে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করবে, তা এখনও স্পষ্ট করে জানাতে পারেনি আবহাওয়া দফতর। তাই আপাতত দক্ষিণবঙ্গের মানুষকে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে স্বস্তির বর্ষার জন্য।


