কলকাতা: শুরু হয়ে গিয়েছে গণতন্ত্রের উৎসব। এদিকে এখনও আদালতের চক্কর কাটছে প্রায় ২৭ লক্ষ নাম! প্রথম দফার ভোট গ্রহণের ঠিক আগ মুহূর্তে যার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ১৩৯ টি নামের। শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) ছিল এসআইআর মামলার শুনানি। এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানি শুরু হয়। যেখানে রাজ্যের তরফে সওয়াল-কারী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শীর্ষ আদালত জানান, “ট্রাইবুন্যালে নামের নিষ্পত্তি নিয়ে মামলাকারীরা কলকাতা হাইকোর্টে আবেদন করতে পারেন”।
ট্রাইবুন্যাল নিয়ে অসন্তোষ
উল্লেখ্য, ট্রাইবুন্যালে “ডিলিটেড’ ভোটারদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। গত ২০ এপ্রিল এই মর্মে ১০৫ জন আবেদনকারীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি নতুন পিটিশন দায়ের করা হয়। যেখানে বলা হয়, শুনানির জন্য তাঁদের আবেদন গ্রহণই করা হচ্ছে না। এমনকি আবেদনকারীদের ট্রাইব্যুনাল চত্বরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে পিটিশনে উল্লেখ করা হয়। এমনকি নিরাপত্তারক্ষীরা সুপ্রিম কোর্টের নির্দেশপত্র দেখানো হলেও তাঁদের বাইরে ঠেলে দেয় বলে অভিযোগ।
এই ঘটনায় ‘বিরক্তি’ প্রকাশ করেছিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত কড়া ভাষায় প্রশ্ন করেন, “এটাই কি আপনাদের কৌশল? প্রতিদিন একটি করে মামলা দায়ের করবেন?” এখন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে আবেদন করা যেতে পারে বলে জানালো সুপ্রিম কোর্ট (Supreme Court)। কিন্তু দ্বিতীয় দফার ভোটের আগে নামের নিষ্পত্তি নিয়ে সংশয়েই প্রায় ২৭ লক্ষ মানুষ।


