27.8 C
Kolkata
Saturday, October 31, 2026
spot_img

জ্ঞানেশ কুমারকে সরাতে নজিরবিহীন উদ্যোগ! ২১টি বিরোধী দলের মক পার্লামেন্টে কী কী অভিযোগ?

Aaj India Desk, নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) অপসারণের দাবিতে এবার অভিনব পথে প্রতিবাদে নামল বিরোধী শিবির। দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বসেছে প্রতীকী মক পার্লামেন্ট। এই কর্মসূচিতে বিরোধী জোটের মোট ২১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। নির্বাচন কমিশনের (Election Commision) ভূমিকা এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে একাধিক প্রশ্ন তুলে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মক পার্লামেন্ট পরিচালনার দায়িত্বে মীরা কুমার

এই প্রতীকী অধিবেশনে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার পরিচালকের ভূমিকা পালন করছেন। জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবিতে প্রস্তাব পেশ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অন্যদিকে, অধিবেশনের শেষ পর্বে বক্তব্য রাখার কথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ছয়টি অভিযোগ

বিরোধীদের মূল অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় অনিয়ম করা হয়েছে। তাঁদের দাবি, এই প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সেই অভিযোগকে সামনে রেখেই মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবি জানানো হচ্ছে।

মক পার্লামেন্টে খাড়গে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তোলেন। তাঁর দাবি, নির্বাচন কমিশনারের নির্দেশে ইচ্ছাকৃতভাবে প্রায় ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর পাশাপাশি দেশের মানুষের বিশ্বাস ভঙ্গ করার অভিযোগও করেন তিনি।

২০২৩ সালে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত যে আইন তৈরি হয়েছিল, তাতে পরিবর্তনের দাবিও তুলেছেন খাড়গে। একই সঙ্গে অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি।

নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন বিরোধীদের

বিরোধীদের বাকি অভিযোগগুলির মধ্যে রয়েছে নির্বাচনে কারচুপি, সংসদের অনুমোদন ছাড়াই ফর্ম ৬-এ পরিবর্তন এবং ইসিনেট (ECINET) পোর্টালের মাধ্যমে ভোটার তালিকা নিয়ন্ত্রণের অভিযোগ। তাঁদের আরও দাবি, নির্বাচন কমিশনের অন্য দুই কমিশনারকে কার্যত কাজের সুযোগ না দিয়ে কোণঠাসা করে রাখা হয়েছে।

সব মিলিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রাজনৈতিক চাপ বাড়াতে চাইছে বিরোধী শিবির। তবে মক পার্লামেন্টটি সম্পূর্ণ প্রতীকী কর্মসূচি। এর মাধ্যমে সরাসরি কোনও সাংবিধানিক অপসারণ প্রক্রিয়া কার্যকর হচ্ছে না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন