উত্তর ২৪ পরগণা: “ওকে একবার ডাকো না… আমার ফটো তোলা হল না…”! চোখের সামনে স্বপ্নের হিরো দেব (Dev), অথচ কাছে যাওয়া হল না! আক্ষেপে ভরা এই অনুরোধ শেষ হতেই ঘটল টুইস্ট! সেলফি না পাওয়ার দুঃখে মুহূর্তের মধ্যেই ভক্তের ‘সিস্টেম ডাউন’, চারপাশে হইচই, আর ঘটনাটা যেন রিয়েল লাইফ সিনেমার একেবারে ক্লাইম্যাক্স সিন!
আগামী ২৯ এপ্রিল রাজ্যের বাকি ১৪২ আসনে ভোটগ্রহণ। যার মধ্যে রয়েছে দক্ষিণ বনগাঁ বিধানসভা কেন্দ্রও। গতকাল অর্থাৎ ২৩ এপ্রিল সেখানেই ভোট প্রচারে গিয়েছিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব (Dev)। তাঁকে দেখার জন্য বিপুল জনস্রোতের সাক্ষী ছিল দক্ষিণ বনগাঁ। কেউ এসেছিলেন তাঁর থেকে ভোটের প্রতিশ্রুতি শুনতে। কেউ বা একবার চোখের দেখা তাঁকে দেখতে।
যাঁদের মধ্যে ছিলেন এক তরুণী। ভিড় ঠেলে দেবের কাছে পৌঁছেও যান নাকি। কিন্তু তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয় বলে কান্নায় ভেঙে পড়েন ওই তরুণী। বলেন, দেবের (Dev) সঙ্গে ছবি তুলতে দেবে বলে একমাস ‘ওদের সঙ্গে কাজ করেছি। তাও আমাকে একবার দেখা করতে দিল না’।
এদিকে ওই তরুণীর অস্তিত্ত্ব সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না বাংলার সুপারস্টার দেবের। জনসভা শেষ করে নিরাপত্তাকর্মীদের ঘেরাটোপে হাঁটা দেন তিনি। আর মাঠের পাশে দাঁড়িয়ে ডুকরে কেঁদে ওঠেন দেব-ভক্ত তরুণী! কাতর কন্ঠে বলে ওঠেন, “ওকে একবার ডাকো, ও চলে যাচ্ছে। ওকে বল না একটু নেমে আসতে”।
বান্ধবীকে জড়িয়ে ধরে বলেন, “আমার একটাই স্বপ্ন ছোটবেলা থেকে…” কথা শেষ হয় না, মাঠের মাঝেই মূর্ছা যান তরুণী। ঘটনার দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সেই ভিডিও শেয়ার করে মশকরা করছেন। আবার ওই তরুণীর মত দেবকে কাছ থেকে দেখতে না পারা অনেক ভগ্ন-হৃদয় ক্ষোভ উগড়ে দিচ্ছেন।


