Aaj India Desk, কলকাতা: সপ্তাহের প্রথম কর্মদিবসেই রাজ্যজুড়ে ভেজা আবহাওয়ার ইঙ্গিত (West Bengal Weather Update) দিল আলিপুর আবহাওয়া দফতর (IMD)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলায় সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাই আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব বজায় থাকতে পারে।
কলকাতার আবহাওয়া
সকালে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে শহরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান-এই জেলাগুলিতেও বৃষ্টির সঙ্গে মাঝারি গতির ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
গত কয়েক দিন ধরেই উত্তরবঙ্গে টানা বৃষ্টি হচ্ছে। সোমবারও সেই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।এছাড়া কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যদিও, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় জল জমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই প্রয়োজন ছাড়া বাইরে বের হলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।


