Aaj lndia Desk, কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র নিরাপত্তায় বড় পরিবর্তন আনল প্রশাসন। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য এবং সম্ভাব্য নাশকতার আশঙ্কার জেরে রবিবার থেকে সাদা রঙের একটি বুলেটপ্রুফ গাড়িতে সফর শুরু করেছেন তিনি। এদিন পূর্ব মেদিনীপুরের কাঁথির শান্তিকুঞ্জে অবস্থিত নিজের বাসভবন থেকে ওই বিশেষ সুরক্ষিত গাড়িতেই কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।
সূত্রের দাবি, সম্প্রতি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-যোগ এবং মুখ্যমন্ত্রীর চলাচল নিয়ে নজরদারির অভিযোগ সামনে আসার পরই তাঁর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) পূর্ব বর্ধমান থেকে হামিম মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে। তদন্তকারীদের দাবি, ধৃতের সঙ্গে আইএসআই-এর যোগাযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে। অভিযোগ, মুখ্যমন্ত্রীর যাতায়াতের রুট, কনভয়ের গতিবিধি এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা চলছিল। এই ঘটনার পর থেকেই নিরাপত্তা সংস্থাগুলি মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু করে।
শনিবার রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বুলেটপ্রুফ গাড়ি দিতে পরিবহণ দফতর সম্পূর্ণ প্রস্তুত। বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের প্রধানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ৬ মে মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ। ওই ঘটনার মাত্র দু’দিন পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সময় থেকেই পুলিশ প্রশাসনের তরফে তাঁকে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও কনভয়ে বুলেটপ্রুফ গাড়ি থাকলেও তিনি এতদিন তা ব্যবহার করেননি। তবে সাম্প্রতিক নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা তথ্য সামনে আসার পর আর কোনও ঝুঁকি না নিয়ে প্রশাসনের পরামর্শ মেনেই বুলেটপ্রুফ গাড়িতে সফর শুরু করেছেন তিনি। প্রশাসনের মতে, রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


