কলকাতা: ঋতব্রত শিবিরের সঙ্গে তহবিল নিয়ে টানাপড়েন, তিন তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ (TMC Bank Account Freeze) নিয়ে ত্রস্ত ‘কালীঘাট তৃণমূল’! মঙ্গলবারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলার দ্রুত শুনানির আরজি জানিয়ে কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনা শোনে তারা। এবার অন্তত একটি অ্যাকাউন্ট ব্যবহারের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের ফের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল।
বুধবার আদালতে কালীঘাটপন্থী তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত দাবি করেন, শুধু তিনটি নয়, দলের আরও কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ (TMC Bank Account Freeze) করা হয়েছে, যার ফলে স্বাভাবিক সাংগঠনিক ও প্রশাসনিক কাজকর্মে সমস্যা তৈরি হচ্ছে। সেই কারণেই অন্তত একটি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, এই মামলার শুনানিতে আদালত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ অফিসার হিসেবে নিয়োগের বিষয়ে সব পক্ষের মতামত জানতে চেয়েছে আদালত। সংশ্লিষ্ট সব পক্ষকে তাদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ (TMC Bank Account Freeze) সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার ফের শুনানি হতে চলেছে কলকাতা হাই কোর্টে। তার আগে বুধবার আদালতের নির্দেশে সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, মোট তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে কেন্দ্র করেই আদালতে হলফনামা জমা দেওয়া হয়েছে। সেই হলফনামার ভিত্তিতেই বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হবে।
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিল কালীঘাটপন্থী তৃণমূল। তবে সেই আর্জিতে সাড়া দেয়নি হাই কোর্ট। শুনানির সময় দলের আইনজীবী কিশোর দত্ত দ্রুত মামলাটি তালিকাভুক্ত করার আবেদন জানালে বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, “একদিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না।” এরপরই বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে আদালত।
এদিকে, কালীঘাটপন্থী তৃণমূলের দাবি, শুধু তিনটি নয়, দলের আরও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ (TMC Bank Account Freeze) করা হয়েছে। সেই কারণে অন্তত একটি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে হাই কোর্টে আবেদন জানিয়েছে তারা। অন্যদিকে, অ্যাকাউন্টগুলির মালিকানা নিয়ে দুই পক্ষই নিজেদের প্রকৃত তৃণমূল কংগ্রেস দাবি করে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।
এখন বৃহস্পতিবারের শুনানির দিকেই নজর রাজনৈতিক মহলের। আদালত অ্যাকাউন্ট ব্যবহারের আবেদন এবং অ্যাকাউন্ট সংক্রান্ত বিরোধে কী নির্দেশ দেয়, তা এই মামলার পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।


