Aaj India Desk, রাঁচি : নয় বছর আগে পরিবারের কাছে খবর এসেছিল, নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে মেয়ের। এমনকী, দেহ উদ্ধার করে শেষকৃত্যও সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছিল। মেয়েকে মৃত ভেবেই এতদিন কাটিয়েছেন মা ও পরিবারের সদস্যরা। কিন্তু হঠাৎ বদলে গেল সব হিসাব! নয় বছর পর জীবিত অবস্থায় মেয়েকে ফিরে পেলেন মা। হাওড়ার একটি হোম থেকে ঝাড়খণ্ডে পরিবারের কাছে ফিরলেন ফুলসরী মাহাতো। (Jharkhand Missing Girl Case)
নয় বছর আগে ঝাড়খণ্ডের বাসিন্দা ফুলসরী মাহাতো নিখোঁজ হয়ে যান। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর। পরিবারের কাছে শ্বশুরবাড়ির তরফে জানানো হয়েছিল, ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন তিনি। এরপর বাগমুন্ডি নদী থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি পুড়িয়ে দেয় বলে পরিবারের দাবি। পরে ফুলসরীর মৃত্যুর কাগজপত্রও তাঁদের হাতে তুলে দেওয়া হয়। মেয়ের মৃত্যু হয়েছে, এই বিশ্বাস নিয়েই দিন কাটাচ্ছিলেন মা প্রেমী মাহাতো।(Jharkhand Missing Girl Case)
কিভাবে সামনে এল আসল পরিচয়?
সম্প্রতি আধার কার্ড তৈরির সময় আঙুলের ছাপ দেওয়ার পর কম্পিউটারের পর্দায় ভেসে ওঠে ফুলসরীর পরিচয়। এরপর পুলিশের মাধ্যমে যোগাযোগ করা হয় তাঁর মা প্রেমী মাহাতো এবং দাদা রোহিত মাহাতোর সঙ্গে। কয়েক দিন আগে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের ফুলসরীকে দেখানোও হয়।
৯ বছর পর আবেগঘন পুনর্মিলন
সোমবার সকাল ৬টা নাগাদ ঝাড়খণ্ড থেকে হাওড়ার চিরনবীন হোমে পৌঁছন প্রেমী ও রোহিত। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং শিশু কল্যাণ কমিটির অনুমতি পাওয়ার পর দুপুর ১টা নাগাদ মা ও মেয়ের দেখা হয়।দীর্ঘ ন’বছর পর একে অপরকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি কেউই। ফুলসরীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা। প্রায় পাঁচ মিনিট ধরে চলে সেই আবেগঘন মুহূর্ত। পরে দুপুর ২টো নাগাদ পরিবারের সঙ্গে ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দেন ফুলসরী।
মেয়েকে ফিরে পেয়ে কী বললেন মা?
মেয়ে যে এভাবে ফিরে আসবেন, তা কল্পনাও করতে পারেননি প্রেমী মাহাতো। তিনি জানান, মেয়ের খোঁজ না পেয়ে বহু দিন কেঁদেছেন। অবশেষে তাঁকে ফিরে পেয়ে আনন্দের ভাষা খুঁজে পাচ্ছেন না। এই পুনর্মিলনের জন্য ঈশ্বর এবং হোম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। হোমের সুপারিনটেনডেন্ট শ্রাবন্তী সিনহা জানান, মা-মেয়ের এই পুনর্মিলনের দৃশ্য দেখে তাঁরাও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। হোমের কর্তা তন্ময় সাউ জানিয়েছেন, পরিবারের হাতে ফুলসরীকে তুলে দেওয়া হয়েছে। আগামী দিনেও ফোনে তাঁর খোঁজখবর রাখা হবে। (Jharkhand Missing Girl Case)
নয় বছর ধরে যাঁকে মৃত বলে বিশ্বাস করেছিলেন পরিবারের সদস্যরা, আধার কার্ডের সূত্র ধরে সেই মেয়েই ফিরে এলেন মায়ের কাছে। একটি পরিচয় যাচাইয়ের সূত্রেই বদলে গেল একটি পরিবারের দীর্ঘদিনের শোকের গল্প।


