Aaj India Desk, কলকাতা: একাধিকবার তলবের পর অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। সেই সময় আলিপুর জাজেস কোর্ট চত্বরে আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং ‘চোর’ বলে স্লোগানও তোলা হয়।
এই ঘটনার পর অরূপ বিশ্বাস কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হন। আদালতে তিনি দাবি করেন, তাঁর প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে। মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য অরূপকে অন্তর্বর্তী সুরক্ষা দেন। আদালতের নির্দেশ, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করার আগে আদালতকে জানাতে হবে।
শুনানির সময় অরূপের আইনজীবী কিশোর দত্ত বলেন, পুলিশের সামনেই অভিযুক্তদের ওপর হামলা ও ডিম ছোড়ার মতো ঘটনা ঘটছে। তাহলে পুলিশ কেন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি। এ সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানোও বন্ধ হওয়া উচিত। এছাড়াও আদালত নির্দেশ দিয়েছে, অরূপ বিশ্বাসের উপর হামলার ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। আগামী ২৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।
উল্লেখ্য, গত ১৮ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে গেলে অরূপ বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। অভিযোগ, সেদিন তাঁর দিকে ডিম ছোড়া হয়েছিল এবং তাঁকে কটূক্তিও করা হয়। এরপরই তিনি হাইকোর্টের শরণাপন্ন হন। এর আগেও, ১৭ জুন মেসি-কাণ্ড সংক্রান্ত মামলায় অরূপ বিশ্বাসকে সাময়িক রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সময় আদালত জানিয়েছিল, তদন্তে তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া তিনি নিজের নির্ধারিত এলাকার বাইরে যেতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছিল।


