Aaj India Desk, কলকাতা : তৃণমূলের কোন অংশ আসল, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বাকবিতণ্ডা। এবার সেই লড়াই নতুন মোড় নিল। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা ঘিরে শুরু হওয়া বিতর্ক এবার পৌঁছল থানায়। এক পক্ষের ভুয়ো নথি তৈরির অভিযোগ তুলতেই ধামাকা! তেড়েফুঁড়ে উঠলেন অন্য পক্ষও। আর সেই রাজনৈতিক চাপানউতোরের মাঝেই সর্বসমক্ষে মমতা তৃনমূলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে ‘গোল্লা’ বলে কটাক্ষ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)!
রবিবার কালীঘাট থানায় ঋতব্রতর শিবিরের বিরুদ্ধে ভুয়ো নথি ও হলফনামা তৈরির অভিযোগ দায়ের করেছিলেন কালীঘাটপন্থী তৃণমূলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। সোমবার সেই একই থানায় পাল্টা অভিযোগ জমা দেন ঋতব্রত (Ritabrata Banerjee)। নিজেকে অরূপ রায়ের সভাপতিত্বাধীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করে অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি। ঋতব্রতর দাবি, তাঁদের শিবিরের নির্বাচিত জনপ্রতিনিধি, পদাধিকারী ও সমর্থকদের ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর পক্ষে হলফনামায় সই করানো হচ্ছে। আগে জমা দেওয়া হলফনামা প্রত্যাহারের জন্যও চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দেওয়া অভিযোগপত্রেও অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধভাবে আটকে রাখা, তোলাবাজি এবং ভুয়ো নথি তৈরি ও ব্যবহারের মতো একাধিক অভিযোগের উল্লেখ রয়েছে।
এইদিনই সোমবার কালীঘাট থানার বাইরে দাঁড়িয়ে প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তীকে ‘গোল্লা শুভাশিস’ বলে কটাক্ষ করেন তিনি। ঋতব্রতর (Ritabrata Banerjee) দাবি, রাজ্যসভার সাংসদ থাকাকালীন শুভাশিসের প্রশ্নের সংখ্যা ছিল শূন্য। সেই প্রসঙ্গ তুলেই এই কটাক্ষ করেন তিনি।
অন্যদিকে, শুভাশিসের অভিযোগ, গত ২৩ থেকে ২৭ অক্টোবরের মধ্যে বীরভূমের নানুর থানার পরিকাঠামো ও আধিকারিকদের ব্যবহার করে পরিকল্পিতভাবে ভুয়ো হলফনামা তৈরি করা হয়েছিল। গ্রামের ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম ও তথ্য নিয়ে তাঁদের অজান্তে সই জাল করার অভিযোগও উঠেছে। নোটারি পাবলিকের সিল ও সই জালের অভিযোগও করেছেন তিনি। এই ঘটনায় নানুর থানার ওসি সঞ্জয় সরকার, এসআই গোলক ঘোষের পাশাপাশি ঋতব্রত ও অরূপ রায়ের যোগসাজশের অভিযোগ তুলেছেন শুভাশিস।
সব মিলিয়ে নির্বাচন কমিশনে দলের স্বীকৃতি ও সাংগঠনিক শক্তি প্রমাণের লড়াই এখন পাল্টা অভিযোগ, হলফনামা এবং আইনি পদক্ষেপে নতুন মাত্রা পেয়েছে। তৃণমূলের দুই শিবিরের এই নথি-যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


