কলকাতা: শ্রমিক সংগঠনের আত্মপ্রকাশের কয়েক সপ্তাহের মধ্যেই অবস্থান বদল গেরুয়া শিবিরের (BJP Trade Union)! সোমবার বিবৃতি জারি করে বিজেপি স্পষ্ট জানিয়ে দিল, ভারতীয় জনতা পার্টির কোনও শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন নেই। দলের রয়েছে শুধুমাত্র একটি Trade Union Relations Cell বা শ্রমিক সম্পর্কিত প্রকোষ্ঠ। এই সেল কোনওভাবেই নতুন শ্রমিক সংগঠন খোলার অনুমতি দিতে পারবে না।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর কলকাতা বিমানবন্দরের ঠিকাকর্মীদের নিয়ে বিজেপির নিজস্ব শ্রমিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছিল (BJP Trade Union)। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় নেতা সুনীল বনসল। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই দলের এই নতুন নির্দেশ ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা।
বিভিন্ন জায়গায় ইউনিয়নের (BJP Trade Union) নামে তোলাবাজি ও বেআইনি টাকা আদায়ের অভিযোগ সামনে আসছিল। সেই আবহেই দলের এই কড়া অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
শমীক ভট্টাচার্যের নির্দেশে দলের সাধারণ সম্পাদক তথা কার্যালয় প্রভারী শশী অগ্নিহোত্রী এই বিবৃতি জারি করেছেন। তবে প্রশ্ন উঠছে, ইতিমধ্যেই যে শ্রমিক সংগঠন (BJP Trade Union) আত্মপ্রকাশ করেছে, তার ভবিষ্যৎ কী? সেই সংগঠন কি এবার নিষ্ক্রিয় হয়ে যাবে, নাকি অন্য কোনও কাঠামোয় কাজ করবে? বিজেপির বিবৃতিতে এই বিষয়গুলি নিয়ে স্পষ্ট কোনও ব্যাখ্যা না থাকায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন জল্পনা।


