কলকাতা: গণতন্ত্রের উৎসবে এ যেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ছায়া! যেমন দুর্গাপুজোয় বৃষ্টি প্রায় অবধারিত, পুজোর আনন্দে ভাঁটা ফেলে বৃষ্টি, তেমনই দ্বিতীয় দফার ভোটের (West Bengal Assembly Election 2026) দিনে সকাল থেকেই আকাশের মনখারাপ। সকাল ৭টা থেকে ১৪২ আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ (Voter turnout)। আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, বুধবার থেকে আগামী চারদিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই পূর্বাভাস সত্যি করেই কলকাতার আকাশ ঢেকেছে কালো মেঘে, কোথাও কোথাও নামছে ঝিরিঝিরি বৃষ্টি।
কেমন থাকবে আজকের আবহাওয়া?
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে। যদিও রবিবার থেকেই রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে, তবু গরম কমার তেমন ইঙ্গিত নেই। পূর্বাভাস অনুযায়ী, ভোটের (West Bengal Assembly Election 2026) দিন কলকাতা ও আশপাশের জেলাগুলিতে আকাশ থাকবে মূলত মেঘলা, মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তি ও ঘাম দুটোই বাড়বে।
এদিকে দ্বিতীয় দফার ভোটের (West Bengal Assembly Election 2026) দিনে কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাসও রয়েছে। ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। মোট আটটি জেলায় এই আবহাওয়া সতর্কতা দেওয়া হয়েছে, পাশাপাশি দু’টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃষ্টির প্রভাব পড়বে ভোটদানের হারে?
দ্বিতীয় দফায় সকাল ৯ টা পর্যন্ত ১৪২ আসনে ভোট পড়েছে ১৮.৩৯ শতাংশ (Voter turnout)। যার মধ্যে সবচেয়ে বেশি ভোটদানের হার পূর্ব বর্ধমানে এবং সবচেয়ে কম দক্ষিণ কলকাতায়। প্রথম দফায় সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছিল ১৮.৭৬ শতাংশ। সেখানে দ্বিতীয় দফায় সকাল ৯ টা পর্যন্ত ভোটদানের হার কিছুটা কম। দ্বিতীয় দফায় সকাল ৯ টা পর্যন্ত হুগলিতে ২০.১৬%, হাওড়ায় ১৭.৭৬%, কলকাতা উত্তরে ১৭.২৮%, কলকাতা দক্ষিণে ভোট দানের হার ১৬.৮১%, নদিয়ায় ১৮.৫০%, উত্তর ২৪ পরগনায় ১৭.৮১%, পূর্ব বর্ধমানে ২০.৮৬% এবং দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়ল ১৭.২৫%।
অনেকেই বলছেন, বৃষ্টির আশঙ্কায় ভোর ৬.৩০ টায় বুথের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন। আবার অনেকেই বলছেন, বৃষ্টির জন্য এখনও ভোট দিতে বেরতে পারনি। অনেকেই আবার ছাতা মাথায় নাগরিক কর্তব্য পালন করে এসেছেন। এখন আশঙ্কা করা হচ্ছে, বেলা বাড়তে যদি কালবৈশাখীর পূর্বাভাস সত্যি করে তুমুল ঝড়বৃষ্টি নামে তাহলে ভোটাররা ভোট দেবেন কীভাবে (Voter turnout)? দ্বিতীয় দফার ভোটদানের হারে কি বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি? বাড়ছে আশঙ্কা।


