35.9 C
Kolkata
Thursday, June 18, 2026
spot_img

টলিউডে বড়সড় সংস্কারের ইঙ্গিত? নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে নেওয়া হলো একাধিক সিদ্ধান্ত

Aaj India Desk, কলকাতা: বাংলা চলচ্চিত্র (Bengali Cinema) ও টেলিভিশন জগতকে বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, বাস্তবে তার ভেতরে ততটাই নানা সমস্যা ও অনিশ্চয়তা জমে রয়েছে। সেই সমস্যাগুলির সমাধানের পথ খুঁজতেই সম্প্রতি নবান্নে (Nabanna) রাজ্য সরকারের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলা বিনোদন শিল্পের (Bengali Film Industry) বর্তমান পরিস্থিতি, প্রশাসনিক কাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

গত ৮ জুন নবান্নের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং পাপিয়া অধিকারী। সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ডঃ সুব্রত গুপ্ত, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব শান্তনু বসু, চলচ্চিত্র অধিকর্তা কৃত্তিবাস নায়ক এবং মুখ্যমন্ত্রীর দফতরের অতিরিক্ত সচিব শান্তনু বসু।

বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল বাংলা চলচ্চিত্র শিল্পের বর্তমান সাংগঠনিক ব্যবস্থা। বিশেষ করে ফেডারেশন এবং বিভিন্ন গিল্ডের কাজের ধরন, তাদের ভূমিকা এবং শিল্পের উপর তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যদের মতে, ফেডারেশনকে আরও স্বচ্ছ ও পেশাদারভাবে পরিচালনা করা না গেলে ভবিষ্যতে গোটা শিল্প বড় ধরনের সমস্যার মুখে পড়তে পারে। এর প্রভাব পড়বে শুধু প্রযোজক বা অভিনেতাদের ওপর নয়, বরং হাজার হাজার টেকনিশিয়ান, কলাকুশলী এবং এই শিল্পের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের কর্মসংস্থানের ওপরও।

আলোচনায় জানানো হয়, ফেডারেশন এবং বিভিন্ন গিল্ড ট্রেড ইউনিয়ন আইন, ১৯২৬ অনুযায়ী নিবন্ধিত সংস্থা। তাই এই সংস্থাগুলির কাঠামোতে কোনও পরিবর্তন আনতে হলে আইন মেনেই তা করতে হবে। সেই কারণে আপাতত বর্তমান কাঠামোই বহাল থাকবে। ভবিষ্যতে প্রয়োজন হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই পরিবর্তন আনা হবে। তবে বৈঠকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। জানা যায়, ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও এখনও নতুন কমিটি গঠন করা হয়নি। এই পরিস্থিতিতে শিল্পের কাজ যাতে কোনওভাবে ব্যাহত না হয়, সেই কারণে একটি উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

প্রস্তাবিত এই কমিটিতে চলচ্চিত্র ও টেলিভিশন জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকে রাখা হতে পারে। সম্ভাব্য সদস্যদের তালিকায় রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, হিরণ্ময় চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দীপক অধিকারী, জিশু সেনগুপ্ত, মহেন্দ্র সোনি, সানি ঘোষ রায়, জয়ন্ত কুণ্ডু, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অমিত দাস, তন্ময় দে, তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ডঃ সৌমিত্র মোহন, চলচ্চিত্র অধিকর্তা কৃত্তিবাস নায়ক, নন্দনের সিইও শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর দফতরের অতিরিক্ত সচিব শান্তনু বসু। প্রয়োজনে ভবিষ্যতে আরও সদস্য যুক্ত করা হতে পারে।

এছাড়াও সিদ্ধান্ত হয়েছে, ফেডারেশন ও সমস্ত গিল্ডের বর্তমান অবস্থা এবং সাংগঠনিক কাঠামো সম্পর্কে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রারের কাছ থেকে একটি বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করবে তথ্য ও সংস্কৃতি দফতর। সেই রিপোর্ট সংশ্লিষ্ট বিধায়কদের কাছেও পাঠানো হবে, যাতে ভবিষ্যতের সিদ্ধান্ত আরও তথ্যভিত্তিক ও স্বচ্ছভাবে নেওয়া যায়।

শুধু ফেডারেশন নয়, তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে থাকা প্রায় ৪০টি কমিটি ও সংস্থার কাজ নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে মত ওঠে, কিছু সংস্থার কাজের মধ্যে মিল রয়েছে। তাই কোন সংস্থা কার্যকরভাবে কাজ করছে, কোনগুলি চালু রাখা উচিত এবং কোথায় একীভূতকরণের প্রয়োজন আছে, তা খতিয়ে দেখা হবে। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে সুপারিশ জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে বিভিন্ন কমিটি ও সংস্থার সভাপতি, সহ-সভাপতি, চেয়ারম্যান এবং সম্পাদক পদে উপযুক্ত ব্যক্তিদের নাম প্রস্তাব করার কথাও বলা হয়েছে। সরকারি অডিটোরিয়াম ও হল বরাদ্দের বর্তমান ব্যবস্থাও নতুন করে পর্যালোচনা করা হবে। সব হলের জন্য একটি অভিন্ন আবেদনপত্র চালুর পরিকল্পনা রয়েছে, যাতে পুরো প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হয়।

বছরজুড়ে তথ্য ও সংস্কৃতি দফতর যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির আয়োজন করে, সেগুলিও নতুন করে মূল্যায়ন করা হবে। প্রয়োজন হলে বার্ষিক সাংস্কৃতিক ক্যালেন্ডারে পরিবর্তন আনা হবে এবং ভবিষ্যতে সেই ক্যালেন্ডার দফতরের পোর্টালেও প্রকাশ করা হবে। দেখতে এগুলি প্রশাসনিক সিদ্ধান্ত হলেও, এর পিছনে রয়েছে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পকে আরও সুসংগঠিত, স্বচ্ছ এবং স্থিতিশীল করে তোলার বড় পরিকল্পনা। কারণ এই শিল্প শুধু তারকা নির্ভর নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার শিল্পী, টেকনিশিয়ান, নির্মাতা এবং অসংখ্য মানুষের জীবিকা। এখন দেখার, নবান্নের এই বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলি আগামী দিনে বাস্তবে কতটা কার্যকর হয় এবং বাংলা বিনোদন শিল্পে নতুন পরিবর্তনের সূচনা হয় কি না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন