35.9 C
Kolkata
Thursday, June 18, 2026
spot_img

অভিষেকের আপ্ত সহায়ককে রক্ষাকবচ! CID লুকআউটের মাঝেই কী জানালো আদালত ?

Aaj India Desk, কলকাতা : জমি জালিয়াতি মামলায় সিআইডির লুক আউট সার্কুলার ও গ্রেপ্তারি পরোয়ানার মুখে থাকা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy) আপাতত কলকাতা হাই কোর্ট থেকে সাময়িক স্বস্তি পেলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন, মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত সুমিত রায়ের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া বা দমনমূলক পদক্ষেপ করতে পারবে না।

দ্রুত শুনানির আবেদন

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে সুমিত রায়ের (Sumit Roy) আইনজীবী দ্রুত শুনানির আবেদন জানান। সেই আবেদন গ্রহণ করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, শুক্রবার দিনের প্রথম পর্বেই মামলাটির বিস্তারিত শুনানি হবে। শুনানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সুমিত রায়ের বিরুদ্ধে কোনও ‘কোয়েরসিভ অ্যাকশন’ না নেওয়ার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।

সিআইডির লুক আউট সার্কুলার

জমি জালিয়াতি মামলার তদন্তে সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এরপর তাঁকে দেশত্যাগে বাধা দিতে সিআইডি লুক আউট সার্কুলার জারি করে। তদন্তকারী সংস্থার দাবি, দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্টগুলিতে তাঁর নাম পাঠানো হয়েছে। দেশ ছাড়ার চেষ্টা করলে তাঁকে আটক করা হতে পারে।

এখনও অধরা সুমিত

তদন্তকারীরা দীর্ঘদিন ধরেই সুমিত রায়ের খোঁজ চালাচ্ছেন। তবে এখনও পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। পুলিশ সূত্রে দাবি, তাঁর মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছিল কলকাতার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের আশপাশে। সেই সূত্র ধরে গত শনিবার সেখানে তল্লাশি চালানো হয়।

শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। দীর্ঘক্ষণ অনুসন্ধান চালিয়েও সেখানে সুমিত রায়ের খোঁজ মেলেনি। একই দিনে হুগলির শ্রীরামপুরে তাঁর শ্বশুরবাড়িতেও তল্লাশি চালানো হয়। সেখান থেকেও কোনও সূত্র মেলেনি।

তদন্তকারী সূত্রের দাবি, জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরা করার সময় সুমিত রায়ের নাম উঠে আসে। এরপর থেকেই তাঁকে খুঁজছে পুলিশ। এদিকে গ্রেপ্তারি এড়াতে সুমিত রায় হাই কোর্টে আগাম জামিনের আবেদনও করেছেন। শুক্রবারের শুনানিতে মামলার পরবর্তী আইনি দিক স্পষ্ট হতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন