দক্ষিণ ২৪ পরগণা: শনিবার সকালে পুনর্নির্বাচনের (Re-Polling) দাবিতে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগণার ফলতায় (Falta)। ডায়মন্ড হারবার ও মগরাহাটে পুনর্ভোট হলেও ফলতায় তা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। অভিযোগ, ভয় দেখানো ও বাড়িতে আগুন লাগানোর হুমকিও দেওয়া হচ্ছে। ‘নিরাপত্তা চাই, পুনর্নির্বাচন চাই’ স্লোগানে ফলতার হাসিমনগরে পথে নামেন শতাধিক মহিলা।
তাঁদের অভিযোগ ছিল, ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের লোকেরা তাঁদের ভয় দেখাচ্ছে। যার ভিত্তিতে রিপোর্ট তলব করে জাহাঙ্গির ঘনিষ্ঠদের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দেয় নির্বাচন কমিশন (Election Commission)। এবার জাহাঙ্গির ঘনিষ্ঠ ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, FIR-এর ভিত্তিতে জাহাঙ্গির খান ঘনিষ্ঠ জাহাঙ্গির খান ঘনিষ্ঠ সুজাউদ্দিন শেখ, বঙ্গনগর গ্রাম পঞ্চায়েত-২ এর প্রধান ইসরাফিল চাকদার সহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল কমিশন
উল্লেখ্য, কমিশনের সবুজ সংকেতের পর শনিবার ডায়মন্ড হারবার ও মগরাহাটে পুর্ননির্বাচন (Re-Polling) হলেও ফলতায় কেন নয়? এই অভিযোগে এদিন দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগণার ফলতা (Falta)। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা নাকি এলাকায় বিজেপি সমর্থক বলে পরিচিতদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, বলে অভিযোগ ওঠে।
জাহাঙ্গির ঘনিষ্ঠ বঙ্গনগর গ্রাম পঞ্চায়েত-২ এর প্রধান ইসরাফিল চাকদারের নেতৃত্বে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবী করেন বিক্ষোভকারীরা, এই ঘটনায় জাহাঙ্গির ঘনিষ্ঠদের বিরুদ্ধে পুলিশকে অতি সত্ত্বর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তা না হলে পুলিশের বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেয় কমিশন। এমনকি সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়। এরপরই গ্রেফতার হন তিন তৃণমূল কর্মী। গ্রামবাসীরা জানিয়েছেন, আপাতত তাঁরা নিশ্চিন্ত। তাঁদেরকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। এখন দেখার ফলতায় (Falta) পুর্ননির্বাচনের নির্দেশ দেয় কি না কমিশন।


