Aaj India Desk, কলকাতা: বাংলার দ্বিতীয় দফার ভোট শেষ হতেই ভোটের ফলাফল নিয়ে বঙ্গবাসীর উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই এক ওসির (OC) পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ২ মে, দক্ষিণ ২৪ পরগনার পুনর্ভোটের দিন সকালেই পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয় প্রকাশ মজুমদার সেই পোস্টকে “আইনবিরোধী ও উদ্বেগজনক” বলে দাবি করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান।
কী পোস্ট করা হয়েছিলো ?
১ মে ‘মে ডে’-এর দিন কালীঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC) গৌতম দাস তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে পুলিশ ইউনিফর্মে একটি আধুনিক অস্ত্র হাতে দেখা যায়, যার ক্যাপশনে লেখা ছিল “Ready for new assignment”।
অভিযোগে কী বলা হয় ?
জয়প্রকাশের অভিযোগ অনুযায়ী, এই পোস্ট সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করতে পারে এবং তা আইনের পরিপন্থী। জয় প্রকাশ মজুমদার কমিশনের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, কলকাতা পুলিশের ১৯ ফেব্রুয়ারি ২০২৬-এর একটি নির্দেশিকা অনুযায়ী, ডিউটিতে থাকা অবস্থায় পুলিশকর্মীদের ইউনিফর্ম সহ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। তাঁর দাবি, এই পোস্ট সেই নির্দেশিকা লঙ্ঘন করেছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রোটোকলেও অস্ত্র প্রদর্শনের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখার কথা বলা হয়েছে।
জয়প্রকাশ মজুমদারের পোস্ট : https://x.com/i/status/2050265376702042296
পাশাপাশি ওসির (OC) ছবিতে যে অস্ত্রটি দেখা গেছে তা ওই আধিকারিকের কাছে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ ছিল কি না এবং তিনি সেই অস্ত্র ব্যবহারে প্রশিক্ষিত কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই বিষয়গুলি নিয়ে জয়প্রকাশ তদন্তের দাবি করেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
অন্যদিকে বিরোধীদেরও বক্তব্য, ওসির সেই পোস্টটির ভাষা ও উপস্থাপনাকে সাধারণ মানুষ ‘হুমকি’ হিসেবে দেখতে পারেন, যা নির্বাচন পরবর্তী সময়ে বিশেষভাবে সংবেদনশীল। তবে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক বা প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাটি সামনে আসার পর প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে নজরদারি বাড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচন পর্বে আইনশৃঙ্খলা ও নিরপেক্ষতার প্রশ্নে এই ধরনের অভিযোগ কতটা গুরুত্ব পায়, সেটাই এখন দেখার।


