Aaj India Desk, কলকাতা : রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া (Recruitment Case) ফের আইনি জটিলতার মুখে পড়ায় অনিশ্চয়তায় পড়ে গেলেন হাজার হাজার চাকরিপ্রার্থী। ২০২৪ সালের কনস্টেবল নিয়োগের মেধা তালিকা নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় বুধবার গুরুত্বপূর্ণ নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ৮ জুন মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে।
কী নিয়ে মামলা ?
পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তিতে মোট ১১ হাজার ৭৪৯টি শূন্যপদের কথা ঘোষণা করা হয়েছিল। ২০২৫ সালে পরীক্ষার পর ফল প্রকাশ হতেই একাংশ চাকরিপ্রার্থীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। অভিযোগ ওঠে যে বিশেষ ছাড়প্রাপ্ত ক্যাটেগরির জন্য বরাদ্দ থাকা ১ হাজার ৭টি শূন্যপদের তুলনায় অত্যন্ত কম সংখ্যক প্রার্থীর নাম মেধা তালিকায় প্রকাশ করা হয়েছে।মামলাকারীদের দাবি, নির্দিষ্ট কিছু ক্যাটেগরিতে কাট-অফ নম্বর অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছিল। ফলে বহু যোগ্য প্রার্থী সুযোগ পাননি। এই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা (Recruitment Case) দায়ের করেন তারা।
এর পাশাপাশি মামলায় অভিযোগ করা হয়, ওবিসি-বি, সিভিক ভলান্টিয়ার, এনভিএফ এবং ভিলেজ পুলিশ ক্যাটেগরির জন্য নির্ধারিত কিছু পদ পরে সাধারণ বিভাগে স্থানান্তর করা হয়। যদিও এই অভিযোগের সত্যতা এখনও আদালতে বিচারাধীন।
নিয়োগ নিয়ে চিন্তায় চাকরিপ্রার্থীরা
নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে চাকরিপ্রার্থীদের মধ্যে। দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া বহু পরীক্ষার্থী এখন আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন। নিয়োগ প্রক্রিয়া সংশোধন করা হবে, নাকি নতুন করে পরীক্ষা নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।
তবে বিচারপতি অমৃতা সিনহা আজ এই মামলায় (Recruitment Case) নতুন সরকারের অবস্থান জানতে চেয়েছেন। আগামী শুনানিতে রাজ্য সরকারকে হলফনামাও জমা দিতে হতে পারে। আগামী ৮ জুন মামলার পরবর্তী শুনানিতে রাজ্যের বক্তব্য এবং আদালতের পর্যবেক্ষণের ওপরই নির্ভর করবে এই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ। ফলে আপাতত আদালতের নির্দেশেরই অপেক্ষায় রয়েছেন চাকরিপ্রার্থীরা।


