Aaj India Desk, কলকাতা: মহিলা সংরক্ষণ বিলকে ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হল। গতকাল বিরোধীদের নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ রাজ্যে এসে একই ইস্যুতে সরাসরি তৃণমূল (TMC)-কে আক্রমণ করেন তিনি। মোদীর অভিযোগ, তৃণমূল কখনও চায় না সংসদ ও বিধানসভায় মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ুক। শুধু তৃণমূল নয়, সব বিরোধী দলকেই তিনি ‘মহিলা বিরোধী’ বলে কটাক্ষ করেন। এরপরই প্রধানমন্ত্রীর মন্তব্যের জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স(X)-এ পোস্ট করে তিনি জানান, তৃণমূল বরাবরই মহিলাদের রাজনৈতিক অধিকার ও প্রতিনিধিত্বের পক্ষে থেকেছে। একই সঙ্গে তিনি পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, নারী প্রতিনিধিত্বের নিরিখে তৃণমূল দেশের অন্যতম শীর্ষ দল।
মমতা লেখেন, প্রধানমন্ত্রী প্রকৃত সমস্যার সমাধান না করে মানুষকে বিভ্রান্ত করার পথ বেছে নিয়েছেন। তাঁর দাবি, লোকসভায় তৃণমূলের নির্বাচিত সাংসদদের মধ্যে ৩৭.৯ শতাংশ মহিলা। রাজ্যসভায় দলের মনোনীত সদস্যদের মধ্যে ৪৬ শতাংশই নারী। তাই নারী সংরক্ষণের বিরোধিতা করার প্রশ্নই ওঠে না বলেই স্পষ্ট বার্তা দেন তিনি। এর আগেও প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণকে তীব্র আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সেই ভাষণকে ‘ভণ্ডামি’ বলে উল্লেখ করেন। মমতার অভিযোগ, ক্ষমতা হাতছাড়া হওয়ার আশঙ্কা থেকেই বিজেপি এখন মরিয়া হয়ে উঠেছে।
মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধিতার আসল কারণও ব্যাখ্যা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, তাঁদের আপত্তি মূলত ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস প্রসঙ্গে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার নারী সংরক্ষণের আড়ালে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ডিলিমিটেশন কার্যকর করতে চাইছে।
মমতা আরও দাবি করেন, বিজেপি আসন পুনর্বিন্যাসের মাধ্যমে দেশের রাজনৈতিক মানচিত্র নতুন করে সাজাতে চাইছে, যাতে বিজেপি-শাসিত রাজ্যগুলি বেশি সুবিধা পায়। তৃণমূল সেই পরিকল্পনা সফল হতে দেবে না বলেও জানান তিনি।একই সঙ্গে মুখ্যমন্ত্রী একাধিক প্রশ্নও তোলেন। তাঁর বক্তব্য, যদি সরকারের উদ্দেশ্য সত্যিই সৎ হত, তাহলে ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর বিল পাশ হওয়ার পর প্রায় তিন বছর অপেক্ষা করা হল কেন? একাধিক রাজ্যে ভোট চলাকালীন সময়ে হঠাৎ এত তাড়াহুড়ো করে বিল আনার কারণ কী? আর নারী সংরক্ষণের সঙ্গে সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি জুড়ে দেওয়া হল কেন? শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল বহু বছর ধরেই মহিলাদের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও সেই লড়াই জারি থাকবে।


