কলকাতা: জেলার স্কুল গুলিতে ইসকনের মিড ডে মিল (ISKCON mid day meal) চালুতে ব্রেক! কলকাতার পর রাজ্যের আরও চার জেলায় মিড ডে মিল সরবরাহের দায়িত্ব পাওয়ার কথা ছিল ইসকনের ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-এর। কিন্তু সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই অনুমোদন প্রত্যাহার করল স্কুল শিক্ষা দপ্তর। ফলে আপাতত হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আগের নিয়মেই চলবে মিড ডে মিল।
পালাবদলের পর কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল (ISKCON mid day meal) সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল ইসকনের সঙ্গে যুক্ত ‘অন্নামৃত ফাউন্ডেশন’-কে। পরীক্ষামূলকভাবে কলকাতায় এই ব্যবস্থা চালু হওয়ার পর তা সফল হলে রাজ্যের অন্যান্য জেলাতেও একই মডেল চালুর পরিকল্পনা ছিল। সেই মতোই চার জেলায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে।
কিন্তু বাস্তবে পরিষেবা শুরু হওয়ার আগেই বদলে গেল সিদ্ধান্ত। বিকাশ ভবনের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে দেওয়া অনুমোদন প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ, আপাতত নতুন কোনও সংস্থার হাতে মিড ডে মিলের (ISKCON mid day meal) দায়িত্ব যাচ্ছে না।
তাহলে কী হবে পড়ুয়াদের দুপুরের খাবারের? যে ব্যবস্থা এতদিন চলছিল, আপাতত সেই ব্যবস্থাই বহাল থাকবে। জেলার স্কুলগুলিতেই রান্না হবে খাবার, নির্দিষ্ট সময়ে সেই খাবার পড়ুয়াদের পরিবেশন করা হবে।
তবে কেন আচমকা এই ইউ-টার্ন? কেন অনুমোদন পেয়েও কাজ শুরু করার আগেই পিছিয়ে গেল স্কুল শিক্ষা দপ্তর? নির্দেশিকায় তার কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি। ফলে প্রশ্ন উঠছে, মিড ডে মিলের (ISCKON mid day meal) দায়িত্ব বণ্টন নিয়ে কি নতুন কোনও ভাবনা রাজ্যের?
অন্যদিকে কলকাতায় ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর মাধ্যমে যে মিড ডে মিল সরবরাহ ব্যবস্থা ইতিমধ্যেই চলছে, আপাতত তাতে কোনও পরিবর্তন হচ্ছে না।


