Aaj India Desk, কলকাতা: কসবার (Kasba) রাজডাঙা নারকেল বাগান এলাকায় একটি চার চাকার গাড়ির ভিতর থেকে এক ব্যক্তির দেহ (Dead Body) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কসবা জিএসটি ভবনের সামনে দাঁড়িয়ে থাকা একটি লাল রঙের অডি এ৪ (Audi A4) গাড়ি থেকে দেহটি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। গাড়িটি একটি গ্যারাজের ভিতরে রাখা ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।
পুলিশ সূত্রে খবর, গাড়িটির ড্রাইভিং সিটে পড়ে ছিল ওই ব্যক্তির দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং ডিডি-র (Detective Department) একটি দল। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
তবে ওই ব্যক্তি কে, কীভাবে তাঁর মৃত্যু হল এবং কীভাবে গাড়ির ভিতরে তাঁর দেহ এল, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। গাড়িটি গ্যারাজের ভিতরে কেন রাখা হয়েছিল, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মৃত্যুর নেপথ্যে কোনও দুর্ঘটনা, অসুস্থতা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আপাতত মৃতের পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


