28.1 C
Kolkata
Thursday, November 5, 2026
spot_img

দুর্গাপুজোর পাসকাণ্ডে নতুন মোড়! লালবাজারে হাজিরা ইন্দ্রনীল সেনের মেয়ের!

Aaj India Desk, কলকাতা : দুর্গাপুজোর প্রিভিউ শো ও পাস বিক্রি সংক্রান্ত আর্থিক দুর্নীতির তদন্তে এবার লালবাজারে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরি সেন (Averi Sen)। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের (DD) তলবে বৃহস্পতিবার লালবাজারে পৌঁছন তিনি। তদন্তকারীদের দাবি, দুর্নীতির টাকা তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়ে থাকতে পারে। সেই আর্থিক লেনদেনের সূত্র ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মেয়ের সংস্থার আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন

লালবাজার সূত্রে খবর, ইন্দ্রনীল সেনের মেয়ে (Averi Sen) ‘আই এসকেপ’ (I Escape) এবং ‘মাইরা’ (Myra) নামে দুটি বাণিজ্যিক সংস্থার মালিক। গোয়েন্দাদের অভিযোগ, বিভিন্ন অনৈতিক উৎস থেকে আসা বিপুল পরিমাণ টাকা ওই সংস্থাগুলির সঙ্গে যুক্ত একাধিক অ্যাকাউন্টে সরানো হয়ে থাকতে পারে। তদন্তকারীদের অনুমান, এই আর্থিক লেনদেনে প্রাক্তন মন্ত্রীর মেয়ের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

কীভাবে শুরু দুর্নীতির তদন্ত?

২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর ‘মাস আর্ট’ (Mass Art) নামে একটি সংস্থা তৈরি হয়েছিল। এই সংস্থার অন্যতম পদাধিকারী ছিলেন ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুচ্ছন্দা সেন।অভিযোগ, ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ শো আয়োজন এবং পাস বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করা হয়েছিল। যদিও এই সংক্রান্ত কোনও বাণিজ্যিক চুক্তি ইউনেস্কোর সঙ্গে ছিল না বলে তদন্তে উঠে এসেছে। এই ঘটনায় আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।

স্ত্রী-কন্যার অ্যাকাউন্টেও নজর গোয়েন্দাদের

তদন্তকারীদের দাবি, দুর্নীতির টাকা আড়াল করতে ইন্দ্রনীল সেনের স্ত্রী, মেয়ে এবং ঘনিষ্ঠ আত্মীয়দের নামে থাকা একাধিক ব্যক্তিগত ও সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য এবং নথির সঙ্গে তাঁর মেয়ের দেওয়া তথ্য মিলিয়ে দেখছেন গোয়েন্দারা।

লালবাজারে হাজিরার পর ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরি সেন কে (Averi Sen) দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা। কোন কোন অ্যাকাউন্টে টাকা লেনদেন হয়েছে, সেই অর্থের উৎস কী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির ভূমিকা কতটা এই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুর্গাপুজোর প্রিভিউ শো ও পাস বিক্রি সংক্রান্ত আর্থিক দুর্নীতির তদন্তে এবার প্রাক্তন মন্ত্রীর পরিবারের সদস্যদের আর্থিক লেনদেনের দিকেই বিশেষ নজর লালবাজারের। তবে তদন্তে ওঠা অভিযোগগুলি এখনও প্রমাণসাপেক্ষ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন