Aaj India Desk, কলকাতা : বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনায় (Baruipur Rape and Murder Case) এখনও উত্তপ্ত রাজ্য। সেই মামলার তদন্তে এবার গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন ঘটালো রাজ্য সরকার। তদন্তের স্বার্থে এবং তদন্তের গতি বাড়াতে মামলার দায়িত্ব দেওয়া হলো বারুইপুর পুলিশ জেলার ডিএসপিকে। আগের অফিসারের বদলে পুরো তদন্ত প্রক্রিয়ার পরিচালনা এবং পর্যবেক্ষণ করবেন তিনিই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্বতন তদন্তকারী অফিসারের পরিবর্তে এখন থেকে মামলার (Baruipur Rape and Murder Case) সম্পূর্ণ তদন্ত ও তদারকির দায়িত্ব পালন করবেন ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়। বর্তমানে তিনি বারুইপুর পুলিশ জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ (DSP, DEB) পদে কর্মরত। স্থানীয় স্তরের তদন্তে যেকোনো সম্ভাব্য ত্রুটি বা গাফিলতি এড়ানোর জন্য এবং তদন্তে আরও গতি আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।
উল্লেখ্য, শনিবার বারুইপুরে একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সূর্যপুরে নির্যাতিতার পরিবারের সাথেও দেখা করেছিলেন। সেখানেই তিনি বলেন, “তদন্তে আরও গতি আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। কাউকেই রেয়াত করা হবে না।” এর আগেও তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগ তোলা হলে শুভেন্দু অধিকারী তখন স্পষ্ট করে জানিয়ে দেন, “তদন্তে যদি দেখা যায় নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশের কোনও আধিকারিকের ১ শতাংশও গাফিলতি বা শিথিলতা ছিল, তবে তাঁর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। আমি দায়িত্ব নেওয়ার পর আরজি কর মামলায় তিন জন শীর্ষ আইপিএস (IPS) অফিসারকে সাসপেন্ড করেছি। আমার বার্তা খুব পরিষ্কার। নির্যাতিতার ১০ জন সদস্যের পরিবার যে আস্থা আমাদের ওপর রেখেছেন, তার মর্যাদা রক্ষা করা আমার কর্তব্য।” সেই প্রতিশ্রুতি পূরণ করতেই উঠে পড়ে লেগেছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে ইতিমধ্যেই এই ঘটনায় (Baruipur Rape and Murder Case) বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিম এবং এসটিএফ (STF) যৌথ অভিযান চালিয়ে চারজন অভিযুক্তকে আটক করেছে। এর মধ্যে প্রত্যক্ষদর্শী প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হলেও বাকি তিনজনকে ধারাবাহিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত ঘটনার নিষ্পত্তি হবে বলে জানিয়েছে তদন্তকারী দল।


