Aaj India Desk, কলকাতা:২১ জুলাইয়ের শহীদ দিবসকে সামনে রেখে এবার মঞ্চের জায়গা নিয়েই তৈরি হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করার অনুমতি মিলবে কি না, তা নিয়ে তীব্র সংশয় তৈরি হওয়ায় বিকল্প পরিকল্পনা বা ‘প্ল্যান-বি’ নিয়ে এগোতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের দুই শিবির।
পুলিশ সূত্রে খবর, ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বর শহরের অন্যতম ব্যস্ত এলাকা। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের পাশাপাশি এই রাস্তা দিয়ে চলে হাজার হাজার যানবাহন। সেই কারণে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সেখানে রাস্তা আটকে কোনও রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ।
লালবাজারের বক্তব্য, এই এলাকায় আগে থেকেই ফৌজদারি দণ্ডবিধির নির্দিষ্ট বিধিনিষেধ কার্যকর রয়েছে, ফলে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়।
এই পরিস্থিতিতে বিকল্প জায়গার খোঁজ শুরু হয়েছে। জানা গিয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশ করার আবেদন জানিয়েছে। জানা গিয়েছে, সেই প্রস্তাবে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া মিলেছে।
অন্যদিকে, কালীঘাট শিবিরও বিকল্প ভেন্যুর সন্ধান শুরু করেছে। পাশাপাশি, সমাবেশের অনুমতি সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। আদালতের সিদ্ধান্তের ওপরই এখন অনেকটাই নির্ভর করছে আগামী পদক্ষেপ।
একাংশের মতে, এই বিতর্ক শুধুমাত্র সভার অনুমতি ঘিরে নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে তৃণমূলের অন্দরের চলমান টানাপড়েনও। নিজেদেরই ‘আসল’ তৃণমূল হিসেবে প্রতিষ্ঠা করতে কালীঘাট শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর মধ্যে আইনি ও রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। সেই লড়াইয়ের রেশ পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের দরজাতেও।
সব মিলিয়ে, ২১ জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ শেষ পর্যন্ত কোথায় বসবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।


