কলকাতা: ক্রিকেটের ময়দানে প্রতিপক্ষকে সামলেছেন, টেলিভিশনের পর্দায় সামলেছেন ‘দাদাগিরি’। কিন্তু ‘বিগ বস’ (Bigg Boss)-এর মঞ্চে এসে মায়ের কাছেই শুনতে হল সবচেয়ে কঠিন সমালোচনা? বাইশ গজের ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মা ৮০ বছরের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের সোজাসাপটা মন্তব্য, ‘তুই আর শো পেলি না, তোকে এটাই করতে হল!’ শুধু তাই নয়, মায়ের প্রশ্ন, “এখানে সবাই ঝগড়া করছে, তুই ওদের সঙ্গে কী করবি?” আর সেই মন্তব্যের পরেই কৌতূহল, ফিনালের মুখে কি তবে ‘বিগ বস বাংলা’ ছেড়ে দেওয়ার কথা ভাবছেন ‘মহারাজ’?
আসলে, সৌরভের সাম্প্রতিক সাক্ষাৎকারে উঠে এসেছে মায়ের সঙ্গে তাঁর এক মজার অথচ বেশ তাৎপর্যপূর্ণ কথোপকথনের কথা। প্রথম দিন ‘বিগ বস’(Bigg Boss) -এর শুটিং সেরে বাড়ি ফেরার পর ছেলেকে টিভির পর্দায় দেখে অবাক হয়েছিলেন নিরূপাদেবী। তাঁর প্রশ্ন ছিল, “তোকে এটা কে করতে বলেছে?” সৌরভ (Sourav Ganguly) যখন জানতে চান, কোন শোয়ের কথা বলছেন, তখন মায়ের সাফ জবাব, “এই শো-টা! এখানে তো সবাই সারাক্ষণ ঝগড়া করে। তুই আর শো পেলি না?”
মায়ের আপত্তি কিন্তু এক দিনের ছিল না। পরে আবারও ছেলেকে প্রশ্ন করেন, কেন এমন একটা অনুষ্ঠানের সঞ্চালনা করছেন, যেখানে প্রতিযোগীদের ঝগড়া-বিবাদ নিয়ে এত আলোচনা! এমনকী, সৌরভকে (Sourav Ganguly) নিয়ে নানা মন্তব্য হচ্ছে শুনেও চিন্তিত হয়ে পড়েছিলেন তিনি। মা হিসেবে ছেলের সমালোচনা যে তাঁর ভাল লাগছিল না, তা কথাতেই স্পষ্ট।
তবে মায়ের বকুনিতে দমে যাওয়ার পাত্র নন মহারাজ। বরং মাকে বুঝিয়ে বলেন, “মা, পৃথিবীটা বদলে গিয়েছে, এখন সবাই এরকমই করে।” সৌরভের কথায়, তাঁর ৮০ বছরের মা বিগ বসের ফরম্যাট বা পর্দায় চলা ঘটনাগুলি পুরোপুরি বুঝতে পারেন না। তিনি মূলত ছেলেকে টিভিতে দেখেন, আর সেই ছেলেকে ঝগড়াঝাঁটির মধ্যে দেখে স্বাভাবিকভাবেই অস্বস্তি বোধ করেন।
এদিকে, ‘বিগ বস বাংলা ২০২৬’ (Bigg Boss)-এর ফিনালের আগে শোয়ের উত্তেজনাও তুঙ্গে। ‘দাদার দরবার’-এ প্রতিযোগীদের আচরণ নিয়ে সৌরভের কড়া মন্তব্য, বিশেষ করে জিতু কমলকে ধমক দেওয়ার ঘটনা, ইতিমধ্যেই আলোচনায়। ফাইনালিস্টের মতো আচরণ করার পরামর্শ দিয়েছেন ‘মহারাজ’।
তাহলে কি মায়ের সেই ‘তুই আর শো পেলি না’ মন্তব্যের পর সত্যিই সঞ্চালনা ছাড়ার কথা ভাবছেন সৌরভ (Sourav Ganguly)? আপাতত তেমন কোনও ইঙ্গিত নেই। বরং মায়ের প্রতিক্রিয়া নিয়ে তাঁর এই অকপট স্বীকারোক্তি বুঝিয়ে দিল, ক্রিকেটের মাঠে যতই দাপট থাক, বাড়িতে মায়ের কাছে তিনি এখনও সেই আদরের ছেলে। আর মায়ের চোখে ছেলের কাজ পছন্দ না হলে, মহারাজকেও শুনতে হয় সোজাসাপটা বকুনি!


