Aaj India Desk, কলকাতা: রাজ্যকে আরও পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত করতে একাধিক বড় পদক্ষেপের কথা ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানান, এবার থেকে প্রতিটি বাড়ি থেকে নিয়মিত আবর্জনা সংগ্রহ করা হবে এবং রাস্তাঘাটে যেখানে-সেখানে ময়লা ফেলার প্রবণতা পুরোপুরি বন্ধ করাই সরকারের লক্ষ্য।
মন্ত্রী জানান, বর্জ্য সংগ্রহের গাড়িগুলিতে জিপিএস বসানো হচ্ছে, যাতে প্রতিটি গাড়ির গতিবিধির উপর নজর রাখা যায়। এছাড়াও আগামী ৩১ জুলাইয়ের মধ্যে গোটা রাজ্যে চালু হবে আধুনিক ‘স্বচ্ছ অ্যাপ’, যার মাধ্যমে পরিচ্ছন্নতা সংক্রান্ত পরিষেবার উপর আরও ভালোভাবে নজরদারি করা সম্ভব হবে।
শুধু পরিচ্ছন্নতাই নয়, জল সংরক্ষণ নিয়েও বড় পরিকল্পনা নিয়েছে সরকার। বিশেষ করে গ্রামীণ এলাকায় জলসংকটের কথা মাথায় রেখে ভবিষ্যতে রাজ্যের প্রতিটি বাড়ির ছাদে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হচ্ছে। সেই জল পরিশোধন করে বাথরুম ও জামাকাপড় কাচার মতো কাজে ব্যবহার করার ভাবনা রয়েছে সরকারের।
মন্ত্রী জানান, এই প্রকল্প বাস্তবায়নের জন্য এখনও বিস্তারিত পরিকল্পনা তৈরি হচ্ছে। কীভাবে প্রতিটি বাড়িতে এই ব্যবস্থা গড়ে তোলা হবে, তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে। পরিবেশবিদদের একাংশও এই উদ্যোগকে ইতিবাচক বলে মনে করছেন। এদিকে, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও বড় ঘোষণা করা হয়েছে। ইউআইডিএফ (UIDF)-এর অর্থে কলকাতা সংলগ্ন এলাকায় দ্রুত একটি আধুনিক রিং রোড তৈরি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
পরিবেশ দূষণ রোধে আরও কড়া অবস্থান নিতে চলেছে সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রকাশ্যে থুতু ফেলা বা প্রস্রাব করলে জরিমানার মুখে পড়তে হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।


