Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভায় শুক্রবার এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকলেন সদস্যরা। কৃষকদের কাছ থেকে সারের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ তুলে কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারার কথা জানান ময়নাগুড়ির বিজেপি বিধায়ক ডালিমচন্দ্র রায়। অভিযোগ ওঠার পরই পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষের উদ্যোগে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল (Dudhkumar Mondal) ও বিজেপি বিধায়কের মধ্যে সরাসরি আলোচনা হয়। ঘটনাকে ঘিরে বিধানসভায় সমস্যা সমাধানে আলোচনার গুরুত্ব ফের সামনে এল।
সারের দাম নিয়ে অভিযোগ
বিধানসভার উল্লেখ পর্বে ডালিমচন্দ্র রায় দাবি করেন, অনেক জায়গায় সারের প্যাকেটে উল্লেখিত সর্বোচ্চ খুচরা মূল্যের (MRP) চেয়েও বেশি দামে সার বিক্রি হচ্ছে। এই বিষয়ে কৃষিমন্ত্রীর নজরে বিষয়টি আনতে চাইলেও তাঁর সঙ্গে সাক্ষাৎ পাননি বলেও অভিযোগ করেন তিনি।
মন্ত্রীর সামনেই অভিযোগ, উদ্যোগ পরিষদীয় মন্ত্রীর
বিধায়কের বক্তব্যের সময় কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল (Dudhkumar Mondal) মন্ত্রীদের বেঞ্চেই উপস্থিত ছিলেন। অভিযোগের পর পরিস্থিতি সামাল দিতে নিজের আসন থেকে উঠে কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলেন পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ। এরপর তিনি ডালিমচন্দ্র রায়কে কৃষিমন্ত্রীর কাছে নিয়ে যান। সেখানে বিধায়ক নিজের অভিযোগ সরাসরি মন্ত্রীর সামনে তুলে ধরেন এবং কৃষিমন্ত্রী মনোযোগ দিয়ে তা শোনেন।
আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা
বিধানসভার এই ঘটনাকে অনেকেই ব্যতিক্রমী বলেই মনে করছেন। কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় বলেছিলেন, কোনও বিধায়ক এলাকার সমস্যা তুলে ধরলে তার দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। প্রশাসনিক জটিলতায় বিষয় দীর্ঘদিন ফেলে রাখা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছিলেন।
সম্প্রতি বিধানসভায় বিরোধী বিধায়ক কুণাল ঘোষের সাথে অপ্রীতিকর পরিস্থিতি এবং তার জেরে সাসপেনশনের ঘটনার পর বিধানসভায় এহেন সম্প্রীতি ও সৌজন্য গুরুত্বপূর্ন হয়ে উঠেছে। তবে সরাসরি আলোচনার মাধ্যমে অভিযোগ জানানো এবং মন্ত্রীর (Dudhkumar Mondal) তা মনোযোগ সহকারে শোনার ঘটনা ইতিবাচক বার্তা দিলেও, ডালিমচন্দ্র রায়ের তোলা সারের অতিরিক্ত দামের অভিযোগের বাস্তব সমাধান হয় কি না, এখন সেই দিকেই নজর থাকবে।


