Aaj India Desk, কলকাতা: আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন সুমন হাজরা (Suman Hazra)। এর আগে এই একই মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে জামিন পেয়েছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। এবার সুমন হাজরার ক্ষেত্রেও শর্তসাপেক্ষে জামিনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে খবর, এই মামলায় মোট ১৪৭ জনের সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত মাত্র ৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ফলে আগামী দিনে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা কম। এই পরিস্থিতির কথা বিবেচনা করেই সুমন হাজরাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আদালত।
উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক অনিয়মের অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি সিবিআই গ্রেফতার করেছিল বিপ্লব সিংহ এবং সুমন হাজরাকেও। তদন্তকারীদের অভিযোগ ছিল, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এই দুই ব্যক্তিকে নানা অনৈতিক সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল। দু’জনেরই বাড়ি হাওড়ায় এবং তাঁরা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ মহলেই পরিচিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের পাশাপাশি অযোগ্য ডাক্তারি পড়ুয়াদের নম্বর বদলে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছিল। গত অগস্ট মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। অবশেষে আর্থিক দুর্নীতি মামলাতেও জামিন পান সন্দীপ ঘোষ। এর আগে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলাতেও জামিন পেয়েছিলেন তিনি।


