Aaj India Desk, কলকাতা : তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েনের আবহেই এবার ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে (Dev Adhikari) ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিদ্রোহী শিবিরের সঙ্গে নাম জড়ানোর পর কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে তাঁর উপস্থিতি রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উসকে দিয়েছে। এরই মধ্যে তৃণমূল নেতা কুণাল ঘোষের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
কী বললেন কুনাল ?
সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লেখেন, তাঁর সাথে দেবের (Dev Adhikari) বেশ কিছু মনোমালিন্য রয়েছে। তবু তিনি দেবের প্রশংসা করে বলেন, দেব বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং নির্বাচনী প্রচারে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি উল্লেখ করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর দেবই সবচেয়ে বেশি প্রচার করেছেন। পাশাপাশি কুণাল জানান, নিজের অনুরোধে ব্যস্ত শ্যুটিং ও প্রচারের মধ্যেও দেব বেলেঘাটা কেন্দ্রে তাঁর হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন। সেই জন্য তিনি দেবকে ধন্যবাদও জানান।
প্রশাসনিক বৈঠকে উপস্থিতি ঘিরে প্রশ্ন
মঙ্গলবার কোলাঘাটের বলাকা মঞ্চে আয়োজিত প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া এবং ঘাটালের সাংসদ দেব।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে বিদ্রোহী শিবিরের নেতাদের উপস্থিতি নতুন করে জল্পনা বাড়িয়েছে। বিশেষ করে দেবের উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে আসছে।
দলবদলের জল্পনা কতটা বাস্তব?
দেব (Dev Adhikari) ভবিষ্যতে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করবেন কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত তাঁর তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে কুণাল ঘোষও এই বিষয়ে কিছু খোলসা করে বলেননি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বর্তমান পরিস্থিতিতে কুণালের এই প্রকাশ্য প্রশংসা সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের আগে বিশেষ ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ এবং বিদ্রোহী সাংসদ-বিধায়কদের ভবিষ্যৎ অবস্থান নিয়েও জল্পনা চলছে। সেই আবহে দেবের রাজনৈতিক অবস্থান আগামী দিনে কোন দিকে যায়, তার উপরই নজর থাকবে রাজ্য রাজনীতির।


