34 C
Kolkata
Monday, May 25, 2026
spot_img

স্বাস্থ্যসাথীতে কোটি টাকার জালিয়াতি! মালদহে পরপর নার্সিংহোমের লাইসেন্স সাসপেন্ড

Aaj India Desk, মালদহ: রাজ্যে একদিকে তোলাবাজির অভিযোগে একের পর এক কাউন্সিলর (Councillor) গ্রেফতার হচ্ছেন, অন্যদিকে বেআইনি নির্মাণে চলছে বুলডোজার (Bulldozer) অভিযান। এর মাঝেই এবার সামনে এল স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ডকে ঘিরে বড়সড় প্রতারণার অভিযোগ। মালদহে একাধিক নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ঠিকমতো চিকিৎসার পরিকাঠামো না থাকলেও রোগী ভর্তি দেখিয়ে স্বাস্থ্যসাথীর নাম করে তোলা হচ্ছিল লক্ষ লক্ষ টাকার।

প্রশাসন ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, মালদহ জেলায় দ্রুত গজিয়ে ওঠা বহু নার্সিংহোমের মধ্যে অন্তত ৩০টির লাইসেন্স আপাতত স্থগিত করা হয়েছে। আরও ১০টি নার্সিংহোমকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি প্রায় ২৫টি নার্সিংহোম পুরোপুরি বন্ধ করে সিল করে দেওয়ার প্রস্তুতিও চলছে।অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্যই অনেক নার্সিংহোমের নামের সঙ্গে ‘বিশ্ব বাংলা’ ব্যবহার করা হয়েছে। চিকিৎসকদের একাংশের দাবি, স্বাস্থ্যসাথী প্রকল্পকে কেন্দ্র করেই গত কয়েক বছরে অসংখ্য নার্সিংহোম গড়ে উঠেছে। রাস্তার দু’পাশে ছোট ছোট নার্সিংহোম খুলে ব্যবসা চলছিল বলেও অভিযোগ।

রোগীর পরিবারের সদস্যদের বক্তব্য, অনেক ক্ষেত্রে ঠিকমতো চিকিৎসাই করা হয়নি। কিন্তু বিভিন্ন কাগজে সই করিয়ে স্বাস্থ্যসাথী কার্ড থেকে মোটা অঙ্কের টাকা কেটে নেওয়া হয়েছে। কত টাকা কাটা হচ্ছে, সেই হিসেবও অনেক পরিবার জানতে পারেনি বলে অভিযোগ।

এদিকে বিজেপির তরফে আরও গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি, স্বাস্থ্যসাথীর টাকা ব্যবহার করে মাদক পাচারের মতো বেআইনি কাজেও অর্থ ঢালা হয়েছে। অভিযোগ আরও, বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে অপরাধচক্রের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি নার্সিংহোমের ব্যবসায় নেমেছিল। মালদহের যদুপুর এলাকাতেই খুব কম দূরত্বের মধ্যে প্রায় ২৫টি নার্সিংহোম তৈরি হয়েছে কয়েক বছরের মধ্যে। শুধু যদুপুর নয়, ইংরেজবাজার শহর-সহ জেলার বিভিন্ন জায়গাতেই একের পর এক নতুন নার্সিংহোম গড়ে উঠেছে।

রোগীদের অভিযোগ, অনেক সময় কোনও বড় চিকিৎসা না করিয়েই স্বাস্থ্যসাথীর নামে বিপুল অঙ্কের বিল দেখানো হয়েছে। সেই অভিযোগ সামনে আসতেই এবার স্বাস্থ্য দফতর গোটা ব্যবস্থার উপর কড়া নজরদারি শুরু করেছে। বিজেপি বিধায়ক ও চিকিৎসক ইন্দ্রনীল খাঁ দাবি করেছেন, আগের সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থার ভিতরে দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছিল। তাঁর কথায়, স্বাস্থ্যসাথী প্রকল্পকেও দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন