Aaj India Desk, কলকাতা: তৃণমূল কংগ্রেসের (TMC) নাম এবং নির্বাচনী প্রতীক ‘জোড়াফুল’ কার দখলে থাকবে, তা নিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হল দলের অভ্যন্তরীণ বিবাদ। এই বিতর্কের জেরেই নোটিস পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee)।
আগামী ২৭ নভেম্বর, শুক্রবার দিল্লিতে এই মামলার শুনানি হবে। দুপুর ৩টের সময় দিল্লির নির্বাচন সদনে দু’পক্ষকে নিজেদের বক্তব্য জানানোর জন্য ডাকা হয়েছে। কমিশনের পাঠানো নোটিসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আবেদনকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত ১৯ নভেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে দু’পক্ষের কাছে এই নোটিস পৌঁছেছে। তবে শুনানিতে তাঁদের ব্যক্তিগতভাবে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়। চাইলে নিজেদের আইনজীবীর মাধ্যমেও তাঁরা কমিশনের সামনে বক্তব্য পেশ করতে পারবেন।
এই শুনানি হবে নির্বাচনী প্রতীক সংরক্ষণ ও বরাদ্দ সংক্রান্ত বিধির ১৫ নম্বর অনুচ্ছেদ মেনে। কোনও স্বীকৃত রাজনৈতিক দলের মধ্যে ভাঙন দেখা দিলে অথবা দলের নাম ও প্রতীকের উপর একাধিক গোষ্ঠী নিজেদের অধিকার দাবি করলে নির্বাচন কমিশন এই নিয়ম অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে। উভয় পক্ষের বক্তব্য, যুক্তি এবং জমা দেওয়া নথি বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে কমিশনের।
উল্লেখযোগ্য বিষয় হল, পশ্চিমবঙ্গ ছাড়াও মেঘালয় ও ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস একটি স্বীকৃত রাজনৈতিক দল। তাই দলের নাম ও প্রতীক নিয়ে এই বিরোধের নিষ্পত্তি রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঠিক কোন যুক্তি বা দাবির ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন, তা নোটিসে স্পষ্ট করে জানানো হয়নি। এখন নজর আগামী শুক্রবারের শুনানির দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেদের অবস্থান কীভাবে ব্যাখ্যা করেন, কোন পক্ষ কী নথি ও যুক্তি তুলে ধরে, সেটাই দেখার। পাশাপাশি, দু’পক্ষ নিজেরা উপস্থিত হন নাকি আইনজীবীদের মাধ্যমে বক্তব্য জানান, তা নিয়েও আগ্রহ রয়েছে। শুনানির পর এই বিবাদে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।


