26 C
Kolkata
Friday, November 27, 2026
spot_img

হাসপাতালের ভিতরে আর অবাধে ঢোকা যাবে না! কাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য ভবন?

Aaj India Desk, কলকাতা: সরকারি হাসপাতালের (Government Hospital) ভিতরে এবার থেকে হকার (Hawker), ফেরিওয়ালা কিংবা দোকানদারদের অবাধে ঘোরাফেরা করা যাবে না। হাসপাতালের পরিবেশ পরিষ্কার রাখা, সংক্রমণের আশঙ্কা কমানো এবং রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতেই এই নতুন সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan)। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে এই বিষয়ে কড়া নির্দেশ পাঠানো হয়েছে।

স্বাস্থ্য ভবনের নির্দেশ অনুযায়ী, হাসপাতালের ইনডোর, আউটডোর এবং রোগীদের চিকিৎসা ও পরিষেবার সঙ্গে যুক্ত কোনও জায়গায় অনুমতি ছাড়া হকার, বিক্রেতা বা দোকানদাররা প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ, হাসপাতালের চিকিৎসা পরিষেবা যেখানে চলে, সেই সমস্ত এলাকায় তাঁদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য ভবনের ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনের তরফে এই নির্দেশিকা জারি করা হয়। নির্দেশিকায় স্বাক্ষর করেন মেডিকেল এডুকেশনের অধিকর্তা অধ্যাপক চিকিৎসক ইন্দ্রজিৎ সাহা। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজকে অবিলম্বে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আসলে দীর্ঘদিন ধরেই সরকারি হাসপাতালের ভিতরে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের ভিড়ের মধ্যে বহিরাগতদের অবাধ যাতায়াত নিয়ে প্রশ্ন উঠছিল। এতে হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং রোগীদের ব্যক্তিগত পরিসর রক্ষা করা কঠিন হয়ে পড়ছিল। সেই সমস্যার কথা মাথায় রেখেই এবার এই পদক্ষেপ করল স্বাস্থ্য ভবন।

পাশাপাশি নির্দেশিকা কার্যকর করার ক্ষেত্রেও কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। নিয়ম মানতে কোনও গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হতে পারে। সব মিলিয়ে, সরকারি হাসপাতালের ভিতরে কারা প্রবেশ করতে পারবেন, তা নিয়ে এবার আরও কড়াকড়ি করতে চলেছে স্বাস্থ্য দফতর। রোগীদের নিরাপত্তা, চিকিৎসার পরিবেশ এবং গোপনীয়তা বজায় রাখাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন