কলকাতা: লক্ষ্মীবারের সকাল। থানার ব্যারাকে তখন ব্যস্ততা। কিন্তু আচমকাই সামনে এল হাড়হিম করা দৃশ্য! ব্যারাকের দোতলার ঘরে ঝুলছে এক পুলিশকর্মীর নিথর দেহ (Police Constable Death)। সহকর্মীরা তাঁকে উদ্ধার করতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। বাঁশদ্রোণী থানার এই ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য। মৃতের নাম সঞ্জয় হালদার। বয়স আনুমানিক ৪০ বছর। তিনি বাঁশদ্রোণী থানায় পুলিশের গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যারাকের দোতলার একটি ঘরে একাই থাকতেন সঞ্জয়। বৃহস্পতিবার সকাল প্রায় ৮টা নাগাদ তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা। অন্য পুলিশকর্মীরা নিজেদের কাজে ব্যস্ত থাকলেও সঞ্জয় তখনও ঘর থেকে নীচে নামেননি। দীর্ঘক্ষণ তাঁর কোনও সাড়াশব্দ না পেয়ে কয়েকজন সহকর্মী উপরে যান। আর সেখানেই সামনে আসে ভয়াবহ দৃশ্য (Police Constable Death)।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করে থাকতে পারেন সঞ্জয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
শুধু তাই নয়, সঞ্জয়ের মোবাইল ফোনও পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। মৃত্যুর (Police Constable Death) আগে তাঁর সঙ্গে কারও কথা হয়েছিল কি না, কোনও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
তবে সবচেয়ে বড় প্রশ্ন, কী এমন ঘটেছিল যে থানার ব্যারাকের মধ্যেই এমন মর্মান্তিক পরিণতি হল এক পুলিশকর্মীর? ব্যক্তিগত কোনও সমস্যা, নাকি অন্য কোনও কারণ? আপাতত সব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই এই রহস্যমৃত্যুর (Police Constable Death) প্রকৃত কারণ স্পষ্ট হবে।


