Aaj India Desk, নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে যখন জাতীয় স্তরে সরব কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, তখন তাঁর সঙ্গেই বিয়েবাড়িতে দেখা গেল দলের এক প্রবীণ বিধায়ককে। শুধু সাক্ষাৎ নয়, সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্টও করেছেন তিনি। আর সেই ছবিকেই হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলল বিজেপি। এবার দলের অস্বস্তি বাড়িয়ে রাহুল গান্ধীকেই নিশানা করল পদ্ম শিবির।
ঘটনার সূত্রপাত গত ২৩ নভেম্বর। মধ্যপ্রদেশের ভোপালে একটি ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। সেখানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের প্রবীণ কংগ্রেস নেতা তথা বিধায়ক অজয় সিং। অনুষ্ঠানেই দু’জনের সাক্ষাৎ হয়। পরে জ্ঞানেশ কুমারের সঙ্গে নিজের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন অজয়।
ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব কংগ্রেস। বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে একাধিকবার আন্দোলনে নেমেছেন রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা। এই পরিস্থিতিতে কংগ্রেস বিধায়কের সঙ্গে জ্ঞানেশ কুমারের ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থানের সঙ্গে রাজ্যের নেতাদের আচরণের কোনও অসঙ্গতি রয়েছে কি না, তা নিয়েই শুরু হয়েছে চর্চা।
ছবিকে কেন্দ্র করে কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি। মধ্যপ্রদেশ বিজেপির মুখপাত্র দুর্গেশ কেশওয়ানি প্রশ্ন তুলেছেন, রাহুল গান্ধী যখন প্রকাশ্যে মুখ্য নির্বাচন কমিশনারের সমালোচনা করছেন, তখন তাঁর দলেরই প্রবীণ নেতা কীভাবে জ্ঞানেশ কুমারের সঙ্গে ছবি তুলে তা সমাজমাধ্যমে পোস্ট করছেন? বিজেপির দাবি, এই ঘটনা কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্যস্তরের নেতাদের অবস্থানের মধ্যে ফারাক স্পষ্ট করে দিয়েছে। দলের রাজনৈতিক অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছে পদ্ম শিবির।
মধ্যপ্রদেশের রাজনীতিতে পরিচিত মুখ অজয় সিং। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা অর্জুন সিংয়ের ছেলে। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। ‘রাহুল ভাইয়া’ নামেও পরিচিত এই কংগ্রেস নেতা বর্তমানে বিধায়ক।
তবে বিয়ের অনুষ্ঠানে জ্ঞানেশ কুমার ও অজয় সিংয়ের মধ্যে নির্বাচন কমিশন বা ভোটার তালিকা নিয়ে কোনও আলোচনা হয়েছিল, এমন কোনও তথ্য সামনে আসেনি। তা সত্ত্বেও ছবিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একদিকে জ্ঞানেশ কুমারকে নিয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের লাগাতার আক্রমণ, অন্যদিকে দলেরই এক বিধায়কের সঙ্গে তাঁর ছবি, এই দুইয়ের ফারাককেই এখন রাজনৈতিক প্রচারের হাতিয়ার করেছে বিজেপি।


