Aaj lndia Desk, কলকাতা: কলকাতা হাইকোর্টে সোমবার নিষ্পত্তি হল রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari) বিরোধী দলনেতা থাকাকালীন করা একটি পুরনো মামলার। দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা ওই আদালত অবমাননার মামলা খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে তিনি স্পষ্ট জানান, এই মামলা আর এগিয়ে নিয়ে যেতে তিনি আগ্রহী নন। শুনানির সময় তাঁর মন্তব্য, “মানুষকে শান্তিতে থাকতে দিন।” এই মন্তব্য ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে।
মামলার সূত্রপাত তৎকালীন সময়ে, যখন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্বে ছিলেন। সেই সময় বিজেপি বিধায়কদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাকর্মী থাকলেও তাঁদের বিধানসভার ভিতরে প্রবেশের অনুমতি ছিল না। অন্যদিকে, বিজেপির অভিযোগ ছিল, তৃণমূল কংগ্রেসের বিধায়করা রাজ্য পুলিশের নিরাপত্তা নিয়েই বিধানসভায় প্রবেশ করছেন। এই নিয়েই বিধানসভার তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু।
আবেদনে দাবি করা হয়েছিল, বিধানসভার ভিতরে নিরাপত্তা সংক্রান্ত যে নিয়ম কার্যকর রয়েছে, তা সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হচ্ছে না। অভিযোগ ছিল, নিরাপত্তারক্ষীদের প্রবেশে বিধিনিষেধ থাকলেও কিছু ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। এই অভিযোগের ভিত্তিতেই আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়েছিল।
সোমবার মামলার শুনানিতে রাজ্যের পক্ষের আইনজীবী আদালতে জানান, বারবার নোটিশ পাঠানো হলেও সংশ্লিষ্ট পক্ষ আদালতে হাজির হয়নি। তিনি এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নির্দেশের আবেদন জানান।
তবে সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা জানান, তিনি এই মামলা আর চালিয়ে নিয়ে যেতে চান না। এরপরই আদালত অবমাননার আবেদন খারিজ করে দেন তিনি। এর ফলে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর করা বহুদিনের এই আইনি লড়াইয়ের অবসান ঘটল কলকাতা হাইকোর্টের নির্দেশে।


