কলকাতা: বাঁশদ্রোণীর তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষকুমার নাথের (Ayush Kumar Nath) মৃত্যুর ঘটনায় বিচার ও দোষীদের শাস্তির দাবিতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ‘জনতার দরবারে’ পৌঁছলেন তাঁর মা। ১৩ মে স্কুলে অসুস্থ বোধ করলেও আয়ুষকে ছুটি দেওয়া হয়নি, এমনকি পরিবারের কাউকেও বিষয়টি জানানো হয়নি। স্কুল ছুটির পর শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে গুরুতর জখম হয় সে। পরে হাসপাতালে ভর্তি করা হলে কোমায় চলে যায় শিশুটি। টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর মারা যায় বাঁশদ্রোণীর মর্হিষবিদ্যা মন্দির স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষ (Ayush Kumar Nath) ।
মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। ধুন্ধুমার বেঁধেছিল স্কুল চত্বরে। হয়েছিল পুলিশের লাঠিচার্জ। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেও কাউকে গ্রেফতার করা হয়নি বলে দাবী করে শিশুটির পরিবার। এবার তাই ছেলের মৃত্যুর বিচার চাইতে সরাসরি মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) ‘জনতার দরবারে’ হাজির হন আয়ুষের মা। ছেলের স্কুল ব্যাগ ও ছবি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে কান্নায় ভেঙে পড়েন আয়ুষের (Ayush Kumar Nath) মা। সব অভিযোগ শোনার পর প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপ ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, এর আগে ৫ জুন ছেলের মৃত্যুর বিচারের আশায় সল্টলেকের বিজেপি রাজ্য দফতরে গিয়েছিলেন আয়ুষের বাবা-মা। সেখানে শুভেন্দু অধিকারীর সাথে সরাসরি দেখা না হলেও, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সাথে কথা বলেন। লকেট চট্টোপাধ্যায় পুলিশি নিষ্ক্রিয়তার তীব্র নিন্দা করেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছিলেন।


