Aaj lndia Desk,নয়াদিল্লি: নিট পরীক্ষার (NEET Exam) প্রশ্নপত্র ফাঁস, বিভিন্ন পরীক্ষায় অনিয়ম এবং দেশে বাড়তে থাকা বেকারত্বের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। এই কর্মসূচির নেতৃত্ব দেবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। শনিবার কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে।
কংগ্রেসের দাবি, দেশের বহু ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থী আজ সমস্যার মুখে পড়েছেন। প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে অনিয়ম, পরীক্ষার খরচ বৃদ্ধি এবং চাকরির অভাবে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠছে। এই বিষয়গুলি তুলে ধরতেই রাস্তায় নামছেন রাহুল গাঁধী।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণী কঠিন সময়ের মধ্যে রয়েছেন। তাঁদের সমস্যার কথা তুলে ধরতে এবং কেন্দ্রের উপর চাপ তৈরি করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, আগামী ১৭ জুন রাজস্থানের কোটা থেকে এই কর্মসূচি শুরু হবে। এরপর ১০ জুলাই এলাহাবাদ, ১১ জুলাই পাটনা এবং ১৪ জুলাই দিল্লিতে সভা ও ছাত্র সম্মেলনে যোগ দেবেন রাহুল গাঁধী। পড়ুয়া, চাকরিপ্রার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং যুব সংগঠনগুলিকেও এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কংগ্রেসের দাবিগুলির মধ্যে রয়েছে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস, পরীক্ষার ফি প্রত্যাহার ঘটনায় কঠোর শাস্তির ব্যবস্থা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এই কর্মসূচিতে কংগ্রেসের ছাত্র সংগঠন, যুব কংগ্রেস এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন। পাশাপাশি সামাজিক মাধ্যমেও প্রচার চালানো হবে।
দেশের যুবসমাজের ভবিষ্যৎ, শিক্ষা ব্যবস্থা এবং চাকরির সুযোগ নিয়ে কেন্দ্রকে চাপে ফেলতেই এই দেশব্যাপী কর্মসূচি শুরু করতে চলেছে কংগ্রেস।


