30.2 C
Kolkata
Sunday, November 1, 2026
spot_img

৩১ ডিসেম্বরের মধ্যে CAA-র শুনানি শেষ! মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী?

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী হওয়ার পর রবিবার প্রথমবার মতুয়া অধ্যুষিত ঠাকুরনগরে গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, স্বাধীনতার পর অনেক সরকার এসেছে, কিন্তু মতুয়াদের নাগরিকত্বের সমস্যা মেটানোর জন্য কেউ উদ্যোগ নেয়নি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার CAA আইন এনেছে এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই এই আইনের নিয়ম চালু করা হয়েছে।

CAA নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কথাও তুলে ধরেন শুভেন্দু। তাঁর অভিযোগ, মতুয়াদের নাগরিকত্বের দাবির পাশে না দাঁড়িয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী এই আইনের বিরোধিতা করেছিলেন। এদিন মতুয়াদের উদ্দেশে বড় আশ্বাস দিয়ে শুভেন্দু বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সংক্রান্ত শুনানি শেষ করার চেষ্টা করা হবে। এরপর যোগ্য আবেদনকারীদের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়া হবে। তাঁর দাবি, ইতিমধ্যেই ২৫ হাজার মানুষ CAA-এর শংসাপত্র পেয়েছেন। তিনি আরও জানান, CAA শংসাপত্র পাওয়া মতুয়াদের তফসিলি জাতির শংসাপত্র পেতেও যাতে সমস্যা না হয়, তার ব্যবস্থা করবে রাজ্য সরকার।

এই বিষয়ে এক মাস আগেই মুখ্যসচিবের মাধ্যমে নির্দেশ জারি করা হয়েছে বলে জানান তিনি। শুধু তাই নয়, আগামী জানুয়ারিতে বিশেষ অধিবেশন শুরু হলে CAA শংসাপত্রধারীদের জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরির বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রেও নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে উদ্যোগ নেওয়া হবে, যাতে তাঁরা ভোটাধিকার পান।

মতুয়া সম্প্রদায়ের জন্য আরও একটি বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানান, মুখ্যমন্ত্রীর দফতরে একজন আধিকারিককে দায়িত্ব দেওয়া হবে, যিনি শুধুমাত্র মতুয়াদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়টি দেখবেন। মুখ্যমন্ত্রীর পরামর্শ, CAA শংসাপত্র পাওয়া পরিবারগুলির তালিকা তৈরি করে তাঁর কাছে জমা দিতে হবে। যাতে অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, আয়ুষ্মান ভারত-সহ সরকারি প্রকল্পের সুবিধা তাঁরা পান, তা নিশ্চিত করার চেষ্টা করবে সরকার।

শুভেন্দুর দাবি, রাজ্যের প্রায় ৭০টি বিধানসভা কেন্দ্রে মতুয়া সম্প্রদায়ের মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি CAA-এর জন্য প্রায় আড়াই লক্ষ আবেদনকারী রয়েছেন বলেও জানান তিনি। মতুয়াদের উদ্দেশে তাঁর বার্তা, এই সরকার তাঁদের দাবি ও অধিকার পূরণে নিয়ম মেনে কাজ করবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন