Aaj India Desk,কাঠমান্ডু: নেপালে (Nepal) বেড়াতে গিয়ে বড়সড় বিপত্তির মুখে পড়লেন ছয় ভারতীয় পর্যটক। প্রবল তুষারপাতের কারণে দেশটির দুর্গম শে-ফোকসুন্ডো জাতীয় উদ্যান (Shey Phoksundo National Park) এলাকায় আটকে পড়েছেন তাঁরা। পর্যটকদের মধ্যে দুই মহিলা রয়েছেন। তাঁদের অধিকাংশই বাঙালি বলে জানা গিয়েছে। শনিবার বিকেল থেকে ওই এলাকায় আটকে রয়েছেন তাঁরা। রবিবার নেপাল প্রশাসন জানিয়েছে, পর্যটকদের অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান চালানোর প্রস্তুতি চলছে।
বরফে ঢেকেছে গোটা এলাকা, বন্ধ যোগাযোগ
নেপালের দোলপা জেলার (Dolpa District) চিফ ডিস্ট্রিক্ট অফিসার জুনু ঢাকাল (Junu Dhakal) সংবাদ সংস্থাকে জানিয়েছেন, পর্যটকরা শে-ফোকসুন্ডো গ্রামীণ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধো (Dho) এলাকায় গিয়েছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৬০০ মিটার উচ্চতায় অবস্থিত এই অঞ্চল বর্তমানে প্রবল তুষারপাতের জেরে বরফে ঢেকে গিয়েছে। উল্লেখ্য, শে-ফোকসুন্ডো হ্রদ নেপালের গভীরতম হ্রদ হিসেবেও পরিচিত।
গাইডের সতর্কতা অগ্রাহ্য করার অভিযোগ
প্রশাসন সূত্রে খবর, স্থানীয় নিরাপত্তাকর্মী এবং নেপালি গাইডের সতর্কবার্তা সত্ত্বেও পর্যটকরা এগিয়ে যান। অভিযোগ, গাইডকে ছেড়ে নিজেরাই হ্রদ এলাকার দিকে রওনা হয়েছিলেন তাঁরা। শনিবার রাতে তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিস্থিতি আঁচ করে গাইড আগেই দোলপা জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছিলেন। রবিবার সকালে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত থাকলেও দুপুরের দিকে পর্যটকদের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়।
প্রকাশ্যে ছয় পর্যটকের নাম
জেলা প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আটকে পড়া পর্যটকরা হলেন মৌমিতা হালদার (Moumita Haldar), পিয়ালী কোলে (Piyali Kole), জাজলা ত্রিবেদী কুমার (Jajla Trivedi Kumar), আদিত্য সিং (Aditya Singh), দীপলিনা বিশ্বাস (Deeplina Biswas) এবং রাজেশ দে (Rajesh De)।
জুনু ঢাকাল জানিয়েছেন, পর্যটকদের নিখোঁজ বলা ঠিক হবে না, কারণ তাঁদের অবস্থান ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। উদ্ধারকাজে সেনা ও নিরাপত্তারক্ষীদের পাঠানো হয়েছে। দ্রুত ছয়জনকেই নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদী নেপাল প্রশাসন।


