28.5 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

CJP, E20-র পর এবার ‘রিজার্ভেশন হটাও’! ইন্সটাগ্রামে রাতারাতি ভাইরাল রহস্যময় সংগঠন!

নয়াদিল্লি: এ তো সবে শুরু! আরশোলাদের আন্দোলন জেন দেশের সকল সমস্যাকে একে একে সামনে এনে দিচ্ছে। আর তার বহিঃপ্রকাশ ঘটছে সোশ্যাল মিডিয়ায়। তৈরি হচ্ছে নতুন নতুন সংগঠন। সিজেপির আন্দোলন প্রত্যাহারের পরই ইথানল মিশ্রিত পেট্রোল-এর বিরুদ্ধে সমাজমাধ্যমে দানা বাঁধে নতুন আন্দোলন। ‘ই২০ জনতা পার্টি’ নামে পেজে রাতারাতি লক্ষাধিক ফলোয়ার যুক্ত হয়। এবার আত্মপ্রকাশ করল আরও একটি নতুন সংগঠন। ‘রিজার্ভেশন হটাও আন্দোলন’ (Reservation Hatao Andolan) নামে একটি গোষ্ঠী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রচার শুরু করেছে।

অল্প সময়ের মধ্যেই ইনস্টাগ্রামে সংগঠনটির অনুসরণকারীর সংখ্যা ৫.৬ মিলিয়ন ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে। সংগঠনটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইতিমধ্যেই ১০০-রও বেশি পোস্ট রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, অ্যাকাউন্টটি (Reservation Hatao Andolan) শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল প্রোফাইলকে অনুসরণ করছে। প্রোফাইলের বায়োতে রয়েছে ড. বি.আর. আম্বেদকরের বিখ্যাত আহ্বান, “শিক্ষিত হও, আন্দোলন করো, সংগঠিত হও”। পাশাপাশি হিন্দিতে লেখা হয়েছে, “সারি জাতি এক সমান, মেরা বস ইয়ে দেশ মহান”, অর্থাৎ সব জাতি সমান, দেশই সর্বাগ্রে।

একাধিক পোস্টে RHA দাবি করেছে, তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তবে সংগঠনটির প্রতিষ্ঠাতা বা পরিচালকদের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় সংগঠনটিকে ঘিরে কৌতূহলও বাড়ছে। সংগঠনটির (Reservation Hatao Andolan) পোস্টগুলিতে মূলত সংরক্ষণ (রিজার্ভেশন) নীতির বিরোধিতা করা হয়েছে। তাদের দাবি, বর্তমান সংরক্ষণ ব্যবস্থা মেধার মূল্যায়নে প্রভাব ফেলে, জাতিগত বিভাজনকে দীর্ঘস্থায়ী করে এবং প্রতিযোগিতার পরিবেশকে দুর্বল করে। এর পরিবর্তে জাতপাতের ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে সমান সুযোগ নিশ্চিত করার দাবি তুলেছে তারা (Reservation Hatao Andolan)।

তবে সংরক্ষণ ব্যবস্থা নিয়ে বিতর্ক নতুন নয়। একদিকে এর সমর্থকদের দাবি, ঐতিহাসিকভাবে বঞ্চিত সম্প্রদায়ের সামাজিক ও শিক্ষাগত অগ্রগতির জন্য সংরক্ষণ এখনও প্রয়োজনীয়। অন্যদিকে, বিরোধীদের একাংশ দীর্ঘদিন ধরেই মেধাভিত্তিক সুযোগের পক্ষে সওয়াল করে আসছেন। এই প্রেক্ষাপটে RHA-র আত্মপ্রকাশ নতুন করে সেই বিতর্ককেই উসকে দিয়েছে।

ককরোচ জনতা পার্টির পর RHA-র দ্রুত জনপ্রিয়তা দেখিয়ে দিচ্ছে, রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াভিত্তিক নতুন সংগঠনগুলির প্রভাব ক্রমশ বাড়ছে। তবে এই সংগঠনের প্রকৃত নেতৃত্ব, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে এখনও একাধিক প্রশ্নের উত্তর মেলেনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন