Aaj India Desk, কলকাতা : রাজ্যে স্বাস্থ্য পরিষেবার পরিধি বাড়াতে এবার নতুন ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ (Chief Minister Health Insurance) চালুর পথে এগোল শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্য স্বাস্থ্য ভবন এই প্রকল্পের বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় থাকলেও কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত যোজনা থেকে বিভিন্ন যোগ্যতার শর্তের কারণে বঞ্চিত, তাঁদের জন্যই এই নতুন স্বাস্থ্যবিমা প্রকল্প চালু করা হচ্ছে। প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে।
কী কী সুবিধা মিলবে?
সরকারি নির্দেশিকা অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিটি পরিবারের জন্য বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার সুবিধা থাকবে। পরিবারের প্রত্যেক সদস্যের নামে পৃথক স্বাস্থ্যবিমা কার্ড ইস্যু করা হবে।বিমা কার্ড পাওয়ার আগেই শরীরে থাকা জটিল বা দীর্ঘমেয়াদি রোগও প্রথম দিন থেকেই এই প্রকল্পের আওতায় থাকবে। চিকিৎসার জন্য কোনও বিল জমা দিয়ে পরে টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা রাখা হয়নি। হাসপাতালে চিকিৎসা ও নির্ধারিত পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ ক্যাশলেস পদ্ধতিতেই হবে।
কারা এই সুবিধা পাবেন না?
স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তিতে কয়েকটি নির্দিষ্ট শ্রেণিকে এই ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ (Chief Minister Health Insurance) প্রকল্পের বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—
- যেসব পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি।
- রাজ্যের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ২০০৮, কেন্দ্রের CGHS বা ESI-এর সুবিধাভোগী পরিবার।
- কেন্দ্র বা রাজ্য সরকার, সরকারি সংস্থা, PSU, সংবিধিবদ্ধ সংস্থা, স্বশাসিত সংস্থা বা পুরসভার কর্মী ও পেনশনভোগী, যাঁরা ইতিমধ্যেই অন্য স্বাস্থ্যবিমার আওতায় রয়েছেন।
- নিয়মিত সরকারি চিকিৎসা ভাতা প্রাপকেরা।
- ৭০ বছরের বেশি বয়সি প্রবীণ নাগরিক।
- এসআইআর (SIR) প্রক্রিয়ায় তালিকা থেকে বাদ পড়া বা স্থানান্তরিত ব্যক্তিরা।
তবে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যাঁদের সিএএ (CAA) বা এসআইআর ট্রাইবুনাল-সংক্রান্ত আবেদন এখনও বিচারাধীন বা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, তাঁদের আবেদন মীমাংসা না হওয়া পর্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই প্রকল্পের আওতায় রাখা হবে।
‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ (Chief Minister Health Insurance) প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে। হাসপাতালে ভর্তি থেকে ছুটি পর্যন্ত রোগীর পরিচয় যাচাইয়ে বায়োমেট্রিক ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ABHA আইডি ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে। চিকিৎসা সংক্রান্ত প্রোটোকল ও প্যাকেজের ক্ষেত্রে কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পের নীতিই অনুসরণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


