27.7 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

আইনের কাঠগড়ায় সব্যসাচী-ঋত্বিক, কী হবে পরিণতি?

Aaj India Desk, কলকাতা: আদালতের ঘরে টানটান উত্তেজনা। একদিকে বহু লড়াইয়ের অভিজ্ঞতায় শানিত প্রবীণ আইনজীবী, অন্যদিকে নিজের যুক্তি আর বুদ্ধির জোরে একের পর এক মামলা জিতে নেওয়া তরুণ মুখ। কে কাকে টক্কর দেবে? আর এই বুদ্ধির যুদ্ধে শেষ হাসি হাসবে কে? সেই উত্তর খুঁজতেই অপেক্ষায় বাংলা ওটিটি দর্শক।

বাংলা ওয়েব সিরিজের জগতে বড় চমক নিয়ে ফিরছে জনপ্রিয় আইনি থ্রিলার ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’-এর তৃতীয় সিজন (Advocate Achintya Aich 3)। আর এই সিজনের সবচেয়ে বড় আকর্ষণ, প্রথমবার হইচইয়ের অরিজিনাল সিরিজে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে। তাঁর বিপরীতে থাকছেন ঋত্বিক চক্রবর্তীর অচিন্ত্য আইচ। ফলে আদালতের লড়াই এবার শুধুই আইনের নয়, দুই শক্তিশালী অভিনেতার অভিনয় দক্ষতারও।

নতুন সিজনে সব্যসাচী চক্রবর্তীকে দেখা যাবে তুখোড় আইনজীবী দিগ্বিজয় সিংহ-এর চরিত্রে। অভিজ্ঞতা, কৌশল এবং তীক্ষ্ণ বিচারবুদ্ধিকে হাতিয়ার করে তিনি হয়ে উঠবেন অচিন্ত্য আইচের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। অভিনেতার কথায়, চরিত্রটির জটিলতা এবং চিত্রনাট্যের শক্তিই তাঁকে এই কাজের প্রতি আগ্রহী করেছে। হইচইয়ের সঙ্গে এটিই তাঁর প্রথম কাজ বলেও জানান তিনি।

অন্যদিকে, ঋত্বিক চক্রবর্তীর কাছেও এই সিজন বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এতদিন ডিফেন্স আইনজীবী হিসেবে দেখা গেলেও এবার প্রথমবার অচিন্ত্য আইচকে দেখা যাবে প্রসিকিউটরের ভূমিকায়। ফলে বদলে যাচ্ছে চরিত্রের অবস্থান, বদলে যাচ্ছে আদালতের লড়াইয়ের সমীকরণও।

পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের দাবি, তৃতীয় সিজনে রহস্যের পাশাপাশি আরও বেশি গুরুত্ব পেয়েছে আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং আইনি সংঘাত। তাঁর মতে, সব্যসাচী চক্রবর্তীর যোগদান সিরিজটিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। পাশাপাশি মিঠু চক্রবর্তী, ঈশা সাহা এবং অভিষেক বসও গুরুত্বপূর্ণ চরিত্রে গল্পে নতুন মাত্রা যোগ করেছেন।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিজের প্রথম লুক। আর তা সামনে আসতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। অভিজ্ঞ দিগ্বিজয় সিংহের কৌশল, নাকি অচিন্ত্য আইচের নতুন লড়াই— আদালতের এই বুদ্ধির যুদ্ধে শেষ পর্যন্ত জিতবে কে, তার উত্তর মিলবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩’-এ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন