কলকাতা: বিগ বসের (Bigg Boss Bangla) ঘরে প্রেমের ফুল ফুটতে না ফুটতেই ঝরে পড়ল অভিমানের বৃষ্টি! কিছুদিন আগেও সৃজলা গুহর মন পেতে উঠেপড়ে লেগেছিলেন জীতু কমল। কখনও প্রেমপত্র, কখনও মনের কথা, আবার কখনও মাঝরাতে নায়িকার বর্তমান প্রেমিক শনকে নিয়ে ভবিষ্যদ্বাণী, সবই চলছিল বেশ জমিয়ে। কিন্তু প্রেমের প্রস্তাবে সৃজলার কাছ থেকে কাঙ্ক্ষিত উত্তর না মিলতেই এবার যেন ধৈর্যের বাঁধ ভাঙল ‘অপরাজিত’ অভিনেতার!
ঘটনার সূত্রপাত বিগ বসের (Bigg Boss Bangla) বাড়ির চিঠি লেখার পর্বে। সৃজলাকে উদ্দেশ্য করে মনের কথা লিখেছিলেন জীতু। পালটা চিঠিতে অভিনেতাকে নিজের ‘পরিপূরক’ বলে উল্লেখ করেন সৃজলা। ব্যস! এই একটি শব্দেই বাড়ির অন্দরে শুরু হয়ে যায় জল্পনা। তবে কি অবশেষে জীতুর প্রেমপ্রস্তাবে সিলমোহর দিলেন নায়িকা? কিন্তু না! সৃজলার সেই উত্তরকে চূড়ান্ত সম্মতি হিসেবে নিতে নারাজ অভিনেত্রী নিজেই। আর তাতেই কি আরও জটিল হল দু’জনের সমীকরণ?
সাম্প্রতিক প্রোমোয় দেখা গিয়েছে, সৃজলার সঙ্গে রীতিমতো উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন জীতু। অভিনেতার সাফ কথা, বন্ধুত্বের সম্পর্কে তিনি কোনও অধিকার ফলাতে চান না। সৃজলাকে ভুল বুঝেছিলেন বলেও আক্ষেপ তাঁর। এরপরই রীতিমতো কড়া হুঁশিয়ারি, “তুমি আমার ধারেকাছে আসবে না। আমিও তোমার ধারেকাছে যাব না।” শুধু তাই নয়, কথার উত্তাপ বাড়তেই সৃজলাকে ‘চিটার’ বলেও কটাক্ষ করেন তিনি!
এদিকে জীতুর এমন রণংদেহি মেজাজে কী করবেন বুঝে উঠতে পারছেন না সৃজলা। এর আগে কনফেশন রুমে গিয়ে বিগ বসের (Bigg Boss Bangla) কাছে নিজের মনের কথা খুলে বলেছিলেন অভিনেত্রী। জীতুকে ভালোবাসেন ঠিকই, তবে বন্ধুর মতো। বাইরে তাঁর একটি সম্পর্ক রয়েছে, যার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা আছে। কিন্তু জীতুকে কোনও মিথ্যা আশা দিতে চান না তিনি। বিগ বসও ব্যক্তিগত সম্পর্কে নাক গলাতে নারাজ। বরং অন্য প্রতিযোগীদের সঙ্গে মিশতে পরামর্শ দিয়েছিলেন সৃজলাকে।
কিন্তু তাতেও কি সমস্যার সমাধান হল? বরং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে প্রোমোয় চোখের জল ফেলে বিগ বসের (Bigg Boss Bangla) কাছে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার আর্জি জানাতে দেখা যাচ্ছে সৃজলাকে। অর্থাৎ যে ঘরে প্রেমের প্রস্তাব ঘিরে এতদিন রোম্যান্সের গুঞ্জন, সেখানেই এবার বিচ্ছেদের সুর!
তবে প্রশ্ন একটাই, সৃজলার ‘পরিপূরক’ হওয়ার কথায় কি নতুন করে আশার আলো দেখেছিলেন জীতু? আর সেই আশায় জল পড়তেই কি ‘চিটার’ তকমা? নাকি এই প্রেম-অভিমানের খেলায় রয়েছে আরও কোনও অজানা মোড়? উত্তর মিলবে বিগ বসের পরবর্তী পর্বে। আপাতত প্রেমের চেয়ে ঝগড়াতেই যে টিআরপি-র মশলা বেশি, তা বলাই বাহুল্য!


