কলকাতা: প্রেমের মেসেজ, তিনটে লাভ সাইন আর ‘বহুত আচ্ছা ফটো আয়া’! ব্যাপক জনপ্রিয় ‘পঞ্চায়েত’ (Panchayat Season 5) ওয়েব সিরিজের ট্রেলারের এই দৃশ্য দেখে হাসি চেপে রাখা দায়! কিন্তু সেই হাসির দৃশ্যকেই এবার সাইবার প্রতারণার বিরুদ্ধে হাতিয়ার করল কলকাতা পুলিশ। ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেটিজেনদের দিল একেবারে অন্যরকম সতর্কবার্তা।
ঘটনাটা কী? সিরিজের (Panchayat Season 5) ট্রেলারে সচিবজি অভিষেক ত্রিপাঠী ছবি তোলার জন্য নিজের ফোন তুলে দেন নতুন প্রধানজি ভূষণ শর্মা ওরফে বনরাকাসের হাতে। পাশে দাঁড়িয়ে ক্রান্তি দেবী শর্মা ও বিনোদ। সবাই যখন ছবি তোলায় ব্যস্ত, ঠিক তখনই সচিবজির ফোনে এসে হাজির রিঙ্কির হোয়াটসঅ্যাপ মেসেজ। আর তাতেই তিন-তিনটে লাভ সাইন!
ব্যস! ফোনের স্ক্রিনে সেই মেসেজ দেখেই ভূষণ ও বাকিদের প্রতিক্রিয়া দেখার মতো! ‘বহুত আচ্ছা ফটো আয়া’, এই সংলাপই এখন নেটপাড়ায় বেশ জনপ্রিয়। কিন্তু মজার এই মুহূর্তের পরেই যে সচিবজি ও রিঙ্কির সম্পর্কের গোপন কথা ফাঁস হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটাই দৃশ্যটিকে আরও মজাদার করে তুলেছে (Panchayat Season 5)।
তবে কলকাতা পুলিশের নজর কিন্তু প্রেমের গল্পে নয়, ফোনের গোপনীয়তায়!
এই ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কলকাতা পুলিশ লিখেছে, ‘তথ্য ফাঁস, সর্বনাশ।’ অর্থাৎ, ছবি তোলার জন্য হোক কিংবা অন্য কোনও প্রয়োজনে, নিজের ফোন অন্যের হাতে তুলে দেওয়ার আগে সতর্ক থাকা জরুরি। অসাবধানতাবশত ব্যক্তিগত মেসেজ, ছবি, ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য কিংবা গুরুত্বপূর্ণ তথ্য অন্যের সামনে চলে আসতে পারে।
আসলে প্রতারকদের কাজ সহজ করে দিতে পারে আমাদের সামান্য অসতর্কতাই। তাই ফোন অন্যের হাতে দেওয়ার আগে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার কথা মাথায় রাখা প্রয়োজন। সব মিলিয়ে, রিঙ্কির লাভ সাইন দেখে বনরাকাসের আনন্দে নেটিজেনরা হাসছেন ঠিকই, কিন্তু কলকাতা পুলিশের বার্তাটা বেশ সিরিয়াস। প্রেম ফাঁস হলে হয়তো একটু অস্বস্তি! কিন্তু ব্যক্তিগত তথ্য ফাঁস হলে? তখন আর ‘বহুত আচ্ছা ফটো আয়া’ বলে পার পাওয়া যাবে না!


