Aaj India Desk, নয়াদিল্লি: দিল্লিতে হঠাৎ কীসের তৎপরতা? কী বড় সিদ্ধান্তের পথে বিরোধীরা? শনিবার তড়িঘড়ি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের লোকসভা আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। শুক্রবারই এই সংক্রান্ত নতুন বিলের খসড়ায় অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ঠিক করতে ইন্ডিয়া জোটের (INDIA Alliance) নেতাদের মধ্যে বৈঠক হতে পারে বলে জল্পনা। আর সেই আবহেই মমতার দিল্লি সফর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
এই পরিস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) যথেষ্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তাঁর কথায়, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি NCPI-তে যোগ দেওয়া সাংসদদের নিয়েও কড়া বার্তা দিয়েছেন অভিষেক। তাঁদের বিরুদ্ধে হুইপ জারির সম্ভাবনার কথাও তুলে ধরেছেন তিনি। অভিষেকের বক্তব্য, সাংসদদের সংবিধানের দশম তফসিল বা টেন শিডিউল ভালো করে পড়ে দেখা উচিত।
তাঁর দাবি, লোকসভার অধ্যক্ষ যদি ওই সাংসদদের NCPI-এর সদস্য হিসেবে স্বীকৃতি দেন, তাহলেও দলত্যাগ বিরোধী আইনের আওতায় তাঁদের সমস্যা হতে পারে। আর যদি সেই স্বীকৃতি না মেলে, সেক্ষেত্রে দলের জারি করা হুইপ অমান্য করলে এক মাসের মধ্যেই সাংসদ পদ খোয়ানোর আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পরিণতির কথাও উল্লেখ করেছেন তিনি।
কী এই টেন শিডিউল?
ভারতীয় সংবিধানের দশম তফসিল আসলে দলত্যাগ বিরোধী আইন। কোনও সাংসদ বা বিধায়ক নিজের রাজনৈতিক দল ছেড়ে অন্য দলে যোগ দিলে, অথবা নির্দিষ্ট পরিস্থিতিতে দলের নির্দেশ অমান্য করে ভোট দিলে তাঁর সদস্যপদ বাতিল হতে পারে। রাজনৈতিক দলবদল আটকাতেই সংবিধানে এই বিশেষ বিধান রাখা হয়েছে।
সব মিলিয়ে লোকসভার আসন পুনর্বিন্যাস, মহিলা সংরক্ষণ বিল এবং সাংসদদের দলবদল ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে দিল্লির রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায়, এখন সেদিকেই নজর।


